জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে কলা ও মানবিকী অনুষদে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে পরীক্ষার্থীদের ভোগান্তির মুখে পড়তে হবে বলে অনেকে আশঙ্কা করছেন।
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হবে দেশের দূরবর্তী জেলাগুলো থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের। কারণ, ওই অনুষদের নয়টি বিষয়ে পরীক্ষা দিতে হলে একজন শিক্ষার্থীকে একটানা কয়েক দিন ক্যাম্পাসে থাকতে হবে। অথচ ক্যাম্পাসে সবার থাকার ব্যবস্থা নেই।
কলা অনুষদে মোট নয়টি বিভাগ রয়েছে। অনুষদভিত্তিক পরীক্ষা হলে মাত্র একটি পরীক্ষা দিয়েই একজন শিক্ষার্থী মেধাক্রম অনুযায়ী যেকোনো একটি বিভাগে ভর্তি হতে পারতেন। কিন্তু বিভাগভিত্তিক পদ্ধতিতে একজন পরীক্ষার্থীকে প্রতিটি বিভাগের জন্য আলাদাভাবে পরীক্ষা দিতে হবে। এর ফলে একজন শিক্ষার্থী যদি ওই অনুষদের সব কটি বিভাগে ভর্তি পরীক্ষা দিতে চান, তা হলে তাঁকে আলাদাভাবে নয়টি পরীক্ষা দিতে হবে।
কিন্তু অনুষদভিত্তিক পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদের ছয়টি বিভাগে একটিমাত্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইভাবে গাণিতিক ও পদার্থবিষয়ক এবং জীববিজ্ঞান অনুষদের প্রতিটির সাতটি বিভাগে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজনেস স্টাডিজ অনুষদের চারটি বিভাগেও একটি ভর্তি পরীক্ষা হবে। এর ফলে একজন পরীক্ষার্থীর সময় এবং টাকা দুটিই সাশ্রয় হবে।
এ ছাড়া এ বছর কলা অনুষদের প্রতিটি বিভাগের ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৫ টাকা। এ অনুযায়ী একজন শিক্ষার্থীকে নয়টি বিভাগের ভর্তি পরীক্ষা দিতে মোট ১ হাজার ৫৭৫ টাকার ফরম কিনতে হবে। এত টাকা দিয়ে ভর্তি ফরম কেনার সামর্থ্যও অনেক শিক্ষার্থীর নেই বলে মনে করেন শিক্ষক-শিক্ষার্থীরা। দর্শন বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ প্রথম আলোকে বলেন, বিভাগভিত্তিক পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে ভোগান্তি পোহাতে হয়, অপেক্ষাকৃত অতিরিক্ত টাকা দিয়ে ফরম কিনতে হয়। অথচ ভালো প্রশ্নপত্র তৈরি করে অনুষদভিত্তিক পরীক্ষার মাধ্যমেই মেধাবী শিক্ষার্থী ভর্তি করা সম্ভব।
কলা অনুষদভুক্ত প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেন বলেন, কলা ও মানবিকী অনুষদে বিভাগবৈচিত্র্য থাকায় অনুষদভিত্তিক পরীক্ষায় মেধার সঠিক মূল্যায়ন হয় না। তা ছাড়া বিভাগ পরিবর্তনের সুযোগ থাকায় আসনও শূন্য থাকে।
তবে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা বলেন, ‘বিষয়বৈচিত্র্য এখানেও আছে। কিন্তু অনুষদভিত্তিক পরীক্ষার মাধ্যমে আমরা মেধাবী শিক্ষার্থী পাই।’
এ বিষয়ে সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, ‘আমরা অনুষদভিত্তিক পরীক্ষা নিতে চেয়েছিলাম। কিন্তু কলা অনুষদের সব বিভাগ বিভাগভিত্তিক পরীক্ষা নিতে আগ্রহী। এ কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে ১০ সেপ্টেম্বর শিক্ষা পর্ষদের জরুরি সভায় বিভাগভিত্তিক পরীক্ষার এ সিদ্ধান্ত হয়।’
ফরমের মূল্যবৃদ্ধির প্রতিবাদ: এদিকে ভর্তি ফরমের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা। তারা অতিরিক্ত মূল্য বাতিলের দাবি জানিয়েছে।
গত শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান, বিজনেস স্টাডিজ, জীববিজ্ঞান এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে ভর্তি পরীক্ষার ফরমের মূল্য ছিল ৫০০ টাকা। এ বছর প্রতি ফরমে ২৫ টাকা বৃদ্ধি করে মূল্য নির্ধারণ করা হয়েছে ৫২৫ টাকা।
গত শিক্ষাবর্ষে কলা অনুষদে ৫০০ টাকায় ফরম কিনে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ চারটি বিভাগে পরীক্ষা দিতে পারতেন। এ বছর ১৭৫ টাকা মূল্যে চারটি বিভাগে পরীক্ষা দিতে লাগবে ৭০০ টাকা।
এ বিষয়ে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ও বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব মোহাম্মদ আলী বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে। তাই ফরমের দামও বাড়ানো হয়েছে।