বিভাগীয় ও জেলা উন্নয়ন কমিটি পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মপদ্ধতি ও কার্যপরিধি নির্ধারণ করে দিয়ে বিভাগীয় ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটিগুলো পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি হিসেবে আগের মতোই বিভাগীয় কমিশনার থাকবেন। জেলা কমিটিতে সভাপতি থাকবেন জেলা প্রশাসক। এবার নতুন হিসেবে এসব কমিটিগুলোর কর্মপদ্ধতি কী হবে, তা ঠিক করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলোকে বলেন, আন্তবিভাগীয় সম্পর্কগুলো কাজে লাগিয়ে উন্নয়নকে ত্বরান্বিত করার জন্যই কমিটি পুনর্গঠন করা হয়েছে। বিভিন্ন সময়ে এসব কমিটিতে নতুন সদস্য যুক্ত হয়েছেন। সেগুলোকে এখন একসঙ্গে করে এই কমিটিগুলো পুনর্গঠন করা হলো।

বিভাগীয় কর্মপদ্ধতিতে বলা হয়েছে, প্রতি দুই মাস অন্তর কমিটি একটি সভা করবে। জরুরি প্রয়োজনে দুই মাসের আগেই সভা ডাকা যাবে। সভায় সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ ছাড়া সভার কার্যবিবরণী দ্রুত সংশ্লিষ্টদের কাছে পাঠাতে হবে। আর জেলা কমিটিকে প্রতি এক মাসে সভা করতে বলা হয়েছে। তবে প্রয়োজন ভেদে জরুরি সভা ডাকা যাবে।

উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রধানেরা এই কমিটির সদস্য থাকবেন। এ ছাড়া জেলা কমিটিতে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন সদস্য থাকবেন।