বিভাগীয় কমিশনারদের প্রটোকল দিতে আপত্তি জানিয়েছে পুলিশ
মাঠপর্যায়ে ভ্রমণের সময় মন্ত্রীদের মতো করে পুলিশি নিরাপত্তা (প্রটোকল) চেয়েছেন বিভাগীয় কমিশনাররা। মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে গত বছর ৩১ ডিসেম্বর এ ব্যাপারে সিদ্ধান্তও হয়েছে। সে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পুলিশ সদর দপ্তরে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।তবে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, এসব কর্মকর্তাকে পুলিশ দেওয়া হলে অন্যরাও পুলিশি নিরাপত্তা দাবি করবেন। তখন পুলিশকে শুধু নিরাপত্তার কাজই করতে হবে। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দেন। এতে তিনি বলেন, বিভাগীয় কমিশনার সার্বক্ষণিক গানম্যান পেয়ে থাকেন। তাঁদের বাসায়ও পুলিশ নিরাপত্তা আছে। তার পরও কেন বাড়তি নিরাপত্তা নিতে হবে, তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।চিঠিতে বলা হয়, রাষ্ট্রের পদমর্যাদার ক্রমানুসারে বিভাগীয় কমিশনারদের অবস্থান ২১ নম্বরে। অথচ সাংসদের অবস্থান ১৩ নম্বরে। এ অবস্থায় বিভাগীয় কমিশনারদের পুলিশি নিরাপত্তা দেওয়া হলে সাংসদ, বিচারক, সচিব, নৌ ও বিমানবাহিনীর প্রধান, সব মেজর জেনারেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অ্যাটর্নি-জেনারেল—এমনকি সব অতিরিক্ত সচিবও এভাবে নিরাপত্তা চাইতে পারেন। তখন পুলিশকে শুধু নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে।আইজি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান।