বিভাগীয় কাজি সমাবেশে বাল্যবিবাহকে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার শ্রীমন্ত টাউন হলে গতকাল বাল্যবিবাহ বন্ধের লক্ষে্য আয়োজিত কাজিদের বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণকারীরা হাত তুলে বাল্যবিবাহ না পড়ানোর অঙ্গীকার করেন l প্রথম আলো
চুয়াডাঙ্গার শ্রীমন্ত টাউন হলে গতকাল বাল্যবিবাহ বন্ধের লক্ষে্য আয়োজিত কাজিদের বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণকারীরা হাত তুলে বাল্যবিবাহ না পড়ানোর অঙ্গীকার করেন l প্রথম আলো

বাল্যবিবাহকে ‘না’ ঘোষণার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা শহরের শ্রীমন্ত টাউন হলে খুলনা বিভাগীয় কাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল বুধবার এ সমাবেশ হয়। এতে বিভাগের ১০ জেলার ১২০ জন কাজি অংশ নেন।
সমাবেশে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির নেতারা বলেন, কাজিদের একার পক্ষে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। কারণ, কাজিদের বেশির ভাগ সময়ই রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চাপে থাকতে হয়। এসব ব্যক্তিকে কাজিদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমিতির বাগেরহাট শাখার সভাপতি নাজিম উদ্দিন বলেন, ‘নবম শ্রেণির একজন ছাত্রীর সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ছেলের বিয়ে পড়াতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা স্ত্রী ও দুই সন্তানসহ আমাকে অমানবিক নির্যাতন করে। বিষয়টি প্রশাসনকে জানালেও হামলাকারীরা রাজনৈতিক দলের হওয়ায় শাস্তি হয়নি।’
সমাবেশে সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। তিনি ঘোষণা দেন, বাল্যবিবাহ বন্ধে কাজিদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, বিভিন্ন মামলা পর্যালোচনা করে দেখা গেছে, সমাজের অপরাধের বড় অংশ বাল্যবিবাহজনিত কারণে। এ কারণে আত্মহত্যার হারও বাড়ছে। সম্মিলিত উদ্যোগ নিয়ে বাল্যবিবাহের হার শূন্যের কোটায় আনতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুর রাজ্জাক, পৌর মেয়র ওবায়দুল ইসলাম চৌধুরী, জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামান ও আলমডাঙ্গার ইউএনও আহমেদ কামরুল হাসান।