বিভাগীয় কার্যালয়গুলো বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলাকে দেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষণা দেওয়ায় নীলফামারীর বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ আনন্দিত। বিভাগের প্রধান কার্যালয়গুলো রংপুরভিত্তিক না করে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। একই সঙ্গে তাঁরা নীলফামারী স্থলবন্দর বাস্তবায়ন, রেললাইন সংস্কার ও রেলের স্থাপনা নির্মাণের দাবি জানান।এ ব্যাপারে নীলফামারী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মো. ফারুক বলেন, রংপুর বিভাগ হওয়ায় প্রশাসনিক কাজকর্মের জন্য রাজশাহীতে যাওয়ার দুর্ভোগ দূর হলো। রংপুরে বিশ্ববিদ্যালয় হয়েছে, এখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও হবে। নীলফামারীর মানুষ এখন বিভাগীয় অফিস-আদালতের কাজ দিনে দিনে সারতে পারবে। তিনি বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডটি রংপুরে হলে আরও ভালো হতো।নীলফামারীর সন্তান বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন বলেন, শুধু নীলফামারী নয়, বৃহত্তর রংপুর-দিনাজপুরের আটটি জেলার মানুষই খুশি। তিনি বলেন, এ অঞ্চলের অনেক গরিব মানুষ রাজশাহীতে গিয়ে বিভাগীয় অফিসের কাজ করতে পারত না। এখন তারা সে সুবিধা পাবে। তিনি বলেন, শিক্ষা বোর্ড যেমন দিনাজপুরে হয়েছে, তেমনি বিভাগীয় অন্যান্য দপ্তর নীলফামারীসহ প্রতিটি জেলায় ছড়িয়ে দিলে ভালো হবে।নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. সোহেল পারভেজ বলেন, রংপুর জেলাকে বিভাগে উন্নীত করায় নীলফামারীর মানুষ খুশি হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি পুরোনো জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করা হবে। যেহেতু রংপুরে একটি বিশ্ববিদ্যালয় আছে, তাই সেখানে আর না করে নীলফামারীতে ওই বিশ্ববিদ্যালয় করা হোক।সোহেল পারভেজ বলেন, সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেললাইন সংস্কার ও চিলাহাটিতে স্থাপনা নির্মাণের জন্য ১৫২ কোটি টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত হয়েছে। এই সংস্কারকাজ ও চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়নে সরকার আন্তরিক হলে নীলফামারীর মানুষ আরও খুশি হবে। নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন, চিলাহাটি রেলস্টেশনে ইয়ার্ড নির্মাণ ও রেললাইন সংস্কারের দাবি জানান। একই সঙ্গে চিলাহাটি থেকে সব আন্তনগর রেল চলাচলের দাবিও তিনি জানান। নীলফামারী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ওরফে রঞ্জু বলেন, রংপুর বিভাগ হওয়ায় এ অঞ্চলের শিক্ষা ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ঘটবে।