গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট, মেহেরপুর, খাগড়াছড়ি ও ঝালকাঠি জেলায় অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ওই চার জেলার ৫৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার জন্য পাঁচজন করে ২০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

লালমনিরহাট: জেলা পরিষদ মিলনায়তনে সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। এতে জেলার ১৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এমসিকিউ, গ্রেমজোন ও দলীয় উপস্থাপনার মাধ্যমে দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা বিদ্যালয় নির্বাচিত হয় লালমনিরহাট ফাঁকল পুলিশ লাইনস স্কুল। প্রতিষ্ঠানটির নির্বাচিত পাঁচ শিক্ষার্থী হলো: সাইয়ারা তাসনিম, জেসমিন আক্তার, নাঈমা রহমান, আবু নাঈম ফয়সাল ও সানজিদ হোসেন। ফল ঘোষণার আগে বক্তৃতা করেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব, প্রথম আলো বন্ধুসভার লালমনিরহাটের সভাপতি জাহাঙ্গীর আলম ও বিচারক লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক দেওয়ান মোজাম্মেল হক।
মেহেরপুর: সকাল আটটার মধ্যেই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হয় ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে আটটায় নিবন্ধন শুরু হয়। প্রতিযোগিতা শুরু হয় সকাল ১০টায়। বেলা দুইটা পর্যন্ত বিভিন্ন ধাপে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা বিদ্যালয় নির্বাচিত হয় গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ। বিদ্যালয়টির সেরা পাঁচজন শিক্ষার্থীকে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার জন্য নির্বাচিত করা হয়। মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বিপ্রদাস সরকার অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন।
খাগড়াছড়ি: জেলা সদরের অরুনিমা কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে আটটায় জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। প্রতিযোগিতায় জেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে সেরা বিদ্যালয় নির্বাচিত হয় খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়। ব্যক্তিগত সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়া ওই বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী হলো: অন্বেষা চাকমা, উক্রাচিং মারমা, তামান্না আক্তার, সৌরভ মজুমদার ও তানভীর মোস্তফা। অনুষ্ঠানে সার্বিকভাবে সহায়তা করে খাগড়াছড়ি বন্ধুসভা।
ঝালকাঠি: জেলা শহরের অতিথি কমিউনিটি সেন্টারে সকাল নয়টায় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ১৬টি বিদ্যালয়ের ১০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় সেরা বিদ্যালয় নির্বাচিত হয় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী: সানজানা স্বপ্নীল, নূর বিনতে মোরশেদ, তাসনিহা খান, জাকিয়া মুনিরা মীম ও মাহিমা মোস্তফা নওমি ইয়েস কার্ড পায়।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।