বিভাগীয় পর্যায়ে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে: স্বাস্থ্য উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং সমাজসেবা উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, ‘শেখ হাসিনা দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন। তাঁর ঘোষণা অনুযায়ী চট্টগ্রামে গড়ে তোলা হবে বিভাগীয় পর্যায়ের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়।’গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশে স্বাস্থ্য উপদেষ্টা বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। এর আগে সকালে পাঁচলাইশের বিকেবি ফজলুল কাদের সড়কে ফিতা কেটে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখার উদ্বোধন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।জানা গেছে, দেশে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এটি ১১তম শাখা। গতকাল নতুন শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি শেখ শফিউল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস ছালাম, বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান।মোদাচ্ছের আলী আরও বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা করা হবে।’ তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গুণগত মান বজার রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘এ প্রতিষ্ঠান এর আগে রোগ নিরূপণে বিশ্বমানের সেবা দিয়ে এসেছে। চট্টগ্রামেও এই মান বজায় থাকবে বলে আশা করি। প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও গুণগত মান ধরে রাখার ক্ষেত্রে এখানকার সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক হতে হবে।’ স্বাস্থ্য উপদেষ্টা সেন্টারে আসা রোগীদের সঙ্গে মানবিক আচরণ করার জন্য পপুলার ডায়াগনস্টিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।