বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালুর দাবি
১৬ কোটি মানুষের এই দেশকে গতিশীল করতে প্রশাসনের যেমন বিকেন্দ্রীকরণ দরকার, পাশাপাশি বিচারব্যবস্থাকেও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া দরকার। সাধারণ একটা রিভিশন বা জামিনের মামলায় প্রতিকার পেতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় গিয়ে সাধারণ মানুষের পক্ষে আইনের সুবিধা নেওয়া কষ্টকর, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল; তাই বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু করা এখন সময়ের দাবি।
গতকাল শনিবার দুপুরে খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ও জন-উদ্যোগ, খুলনার আয়োজনে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের রিভিশন, জামিন বিভাগীয় পর্যায়ে সার্কিট বেঞ্চের এখতিয়ারভুক্ত করে প্রতিকার দেওয়া সম্ভব। এতে ঢাকায় মামলার চাপ যেমন কমবে, সাধারণ মানুষও সহজে বিচার পাবে।
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ও জন-উদ্যোগ, খুলনার আহ্বায়ক কুদরত-ই খুদার সভাপতিত্বে বক্তারা বলেন, একসময় দেশের কয়েকটি অঞ্চলে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ চালুও ছিল, যা পরে তুলে দেওয়া হয়েছে।
বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজনে সংবিধান সংশোধন করে বিভাগীয় শহরগুলোয় পুনরায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ চালুর বিষয়টি বিবেচনার জন্য মানববন্ধনে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ সময় বক্তব্য দেন জাসদের মহানগর সভাপতি রফিকুল হক, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মোমিনুল ইসলাম প্রমুখ।