বিভাগীয় প্রধানের অপসারণ দাবিতে চিঠি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের বিভাগীয় প্রধানের অপসারণ দাবিতে গতকাল মঙ্গলবার রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন শিক্ষকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভাগীয় প্রধানের অধীনে তাঁরা কোনো কাজ করবেন না বলেও উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, ২০ মার্চ কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ কমিটির সভা হয়। এতে কমিটির সভাপতি ও বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন ফলাফল শিটে এক শিক্ষার্থীর নম্বর যোগ না করেই সই করেন। তিনি অভিযোগ করেন, ওই শিক্ষার্থী থিসিস নকল করে জমা দিয়েছেন। এ নিয়ে কমিটির তিন সদস্যের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। বিভাগীয় প্রধান আনোয়ার হোসেনের অভিযোগ, বাগ্বিতণ্ডার একপর্যায়ে কমিটির সদস্য নূরুল হক তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও অশোভন আচরণ করেন।
ওই ঘটনার পরদিন উচ্চশিক্ষা গবেষণা কমিটির সমন্বয়কের কাছে বিষয়টি সুরাহার জন্য চিঠি দেন ওই তিন সদস্য। চিঠির অনুলিপি উপাচার্যের সচিবালয়, সংশ্লিষ্ট অনুষদের ডিন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রককে পাঠানো হয়। এরপরও প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি। পরে বিভাগীয় প্রধান আনোয়ার হোসেনের অপসারণ চেয়ে বিভাগের শিক্ষকেরা রেজিস্ট্রারকে চিঠি দেন। এতে ক্লাস-পরীক্ষা ব্যতীত সব রকম কর্মকাণ্ডে বিভাগীয় প্রধানকে সহযোগিতা না করার সিদ্ধান্তের কথা জানান ওই শিক্ষকেরা। তাঁরা বিভাগীয় প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অদক্ষতা ও অযোগ্যতার অভিযোগ এনেছেন।
গতকাল সকালে বিভাগের শিক্ষকদের নিয়ে সভা ডেকেছিলেন বিভাগীয় প্রধান। কিন্তু সেখানে কোনো শিক্ষকই অংশ নেননি।
বিকেলে মুঠোফোনে জানতে চাইলে আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নকল থিসিসের বিষয়টি বিভাগের প্রশাসনিক ব্যাপার। শিক্ষকেরা এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছেন। কয়েকটি ব্যবহারিক ফাইনাল পরীক্ষার পরীক্ষক থাকা সত্ত্বেও অনেকেই ছুটির আবেদন করছেন।
এ বিষয়ে উপাচার্য মো. আলী আকবর বলেন, ‘বিষয়টি আমি সোমবার জেনেছি। সমাধানের চেষ্টা চলছে।’