বিভাগীয় মামলা থাকার পরও বদলির ছাড়পত্র দিতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগীয় মামলা থাকার পরও এক সহকারী শিক্ষককে বদলির ছাড়পত্র দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকের (পলিসি ও অপারেশন) কার্যালয় থেকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী বলেন, বিভাগীয় মামলায় অভিযুক্ত সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলির ছাড়পত্র দেওয়ার নিয়ম নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানা থাকার কথা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, কপালহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আইরিন সুলতানা ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এ অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়। তিনি এর জবাব দেননি। পরে একাধিকবার তদন্ত করার পর চাকরি বিধিমালা ১৯৮৫-এর ৩(খ) ও (গ) ধারা অনুযায়ী, ২০১৫ সালের ২৭ আগস্ট তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। মামলাটি চলমান থাকা অবস্থায় তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশবলে ২০১৬ সালের ৮ মার্চ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কলাকাটা হামছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।
কিন্তু নান্দাইল প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে বদলি-সংক্রান্ত ছাড়পত্র না পাওয়ায় তিনি অনুপস্থিতির সময় থেকে এ পর্যন্ত বেতন-ভাতা পাচ্ছেন না। এ অবস্থায় গত ২৪ জানুয়ারি তাঁকে বদলির ছাড়পত্র দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকের (পলিসি ও অপারেশন) কার্যালয় থেকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের চারজন জ্যেষ্ঠ শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন সহকারী শিক্ষিকাকে বদলির ছাড়পত্র দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার চিঠি দেওয়ার ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে। এ ধরনের নজির তাঁদের জানা নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনারকলি নাজনীন বলেন, সহকারী শিক্ষিকা আইরিন সুলতানা নান্দাইল থেকে কীভাবে অন্যত্র বদলি হয়েছেন, সে সম্পর্কে কোনো তথ্য তাঁর কার্যালয়ে নেই। তবে তিনি বদলির ছাড়পত্র দিতে ঊর্ধ্বতন কর্মকর্তার পাঠানো চিঠি সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি।