বিভাগীয় শহরে বিএনপির বিক্ষোভ
বিএনপি দেশের বিভাগীয় শহরগুলোতে গতকাল বুধবার সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে। নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে পিটিয়ে হত্যা, সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদের চেষ্টা, সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হওয়ার ঘটনা এবং নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্র-ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে এসবের আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে গতকাল বিকেলে শহরে গণমিছিল ও সমাবেশ হয়। মিছিলের আগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহানগর বিএনপির সভাপতি ও খুলনা সদর আসনের সাংসদ নজরুল ইসলাম ওরফে মঞ্জুর সভাপতিত্বে এক সমাবেশ হয়। সমাবেশে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, মহানগর বিএনপির সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা প্রমুখ বক্তব্য দেন।রাজশাহী: নগরের ভুবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পার্কে এসে শেষ হয়। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক প্রমুখ বক্তব্য দেন।বরিশাল: সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে প্রথমে জমায়েত হন আহসান হাবিব কামাল ও তাঁর সমর্থকেরা। তাঁরা এখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বেলা সাড়ে ১০টায় মজিবর রহমান সরোয়ার ও তাঁর সমর্থকেরা মিছিল নিয়ে অশ্বিনীকুমার হলসংলগ্ন জেলা কার্যালয়ে সমবেত হন। পরে সেখানে তাঁরা সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আগেভাগেই প্রস্তুতি নেয় পুলিশ ও র্যাব। গতকাল সকাল সাতটা থেকেই সদর রোড এলাকায় ব্যাপক পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়।