বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে লাগবে কত দিন?
দিনাজপুরের বিরামপুরের কাটলা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জাল সনদ দিয়ে সুপার হিসেবে চাকরি করা খাজের উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন ১০ মাস আগে সুপারিশ করলেও আজ পর্যন্ত তা কার্যকর হয়নি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতির কাছে ওই সুপারিশ করা হয়েছিল।
এদিকে বিধি অনুযায়ী ইস্তফার পর চাকরিকালীন সময়ে নেওয়া বেতন-ভাতার অর্থ খাজের উদ্দিন রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে বাধ্য। শুধু তা-ই নয়, জাল সনদে চাকরির অভিযোগে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও বিধান রয়েছে বলে বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ জানান।
তথ্য অধিকার আইনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করে পাওয়া তথ্য থেকে জানা যায়, বিরামপুর মাধ্যমিক শিক্ষা কার্যালয় জালিয়াতির তদন্ত প্রতিবেদন গত বছরের ১৭ ডিসেম্বর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠায়। জেলা শিক্ষা কর্মকর্তা গত ১৬ জানুয়ারি বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ওই মাদ্রাসার সভাপতির কাছে চিঠি দেন। কিন্তু এর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এস এম জিন্নাহ জানান, জাল সনদের অভিযোগ পেয়েই তিনি খাজের উদ্দিনের বেতন বন্ধের উদ্যোগ নেন। কিন্তু মাদ্রাসার সভাপতি আজাবুল ইসলাম মুচলেকা দিয়ে তাঁর বেতন তোলেন। ওই সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) সজল কান্তি মণ্ডল জানান, ২৪ অক্টোবর খাজের উদ্দিনের বিরুদ্ধে নেওয়া পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে।
মাদ্রাসার বর্তমান সভাপতি ও কাটলা ইউপি চেয়ারম্যান এম সামছুল আলম জানান, তিনি খাজের উদ্দিন ও সাবেক সভাপতি আজাবুলকে নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু তাঁরা কেউ জবাব দেননি।
গত বছরের ৪ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘জাল সনদে ২৭ বছর ধরে চাকরি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর গত ২৮ নভেম্বর ও সবশেষ গত ১১ ডিসেম্বর সংশ্লিষ্ট আরও দুটি সংবাদ প্রকাশিত হয়।