বিভাগের নাম কুমিল্লা রাখতে চিকিৎসকদের মানববন্ধন

কুমিল্লা সেনানিবাসের নাম ময়নামতি সেনানিবাস। ময়নামতি নামে কুমিল্লায় মেডিকেল কলেজ, শিশু শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ, গ্রাম, ইউনিয়ন পরিষদ, পাহাড়, রেলস্টেশন, রোটারি ক্লাব ও পত্রিকা রয়েছে। এত নাম থাকা সত্ত্বেও বিভাগের নামকরণ ময়নামতি করার কোনো যৌক্তিকতা নেই। কারণ, জেলা শহর হিসেবে কুমিল্লার নাম ময়নামতির চেয়ে অনেক ওপরে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কুমিল্লার নাম অত্যন্ত সুপরিচিত। তাই ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ চাই। প্রয়োজনে ওই নাম বহাল রাখার দাবিতে রক্ত দেব, তবু একচুল পরিমাণ পিছপা হব না। অতীতে কুমিল্লার মেধাবী সন্তানদের আটকে দেওয়ার জন্য কোটা প্রথা চালু করা হয়েছে। এখন কুমিল্লা নামটিই মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। এমন ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে এককাট্টা হয়ে গণজাগরণ তৈরি করতে হবে।
গতকাল দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার নেতারা এসব কথা বলেন। কুমিল্লা নামে বিভাগের দাবিতে বিএমএর ডাকে জেলার বেসরকারি মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালগুলোতে ১৫ মিনিটের মানববন্ধন হয়।
এদিকে বিকেল চারটায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বর ও টাউন হলের ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করেন কুমিল্লা নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। গত মঙ্গলবার থেকে টানা তিন দিন কুমিল্লা নগরে আন্দোলন চলছে।
কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বিএমএ কুমিল্লার সভাপতি আবদুল বাকি আনিস, সাধারণ সম্পাদক আতাউর রহমান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সোহেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, বিএমএর সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মোরশেদুল আলম প্রমুখ।
এদিকে বিকেল চারটায় কুমিল্লা টাউন হলের সামনের ফটকে বিক্ষোভ করে ‘জাগ্রত মানবিকতা’ নামের একটি সংগঠন। তরুণদের ওই সংগঠন ‘সারা কুমিল্লা একজোট, কুমিল্লা নামে বিভাগ হোক’, ‘ষড়যন্ত্র নিপাত যাক, কুমিল্লাবাসী শান্তি পাক’ এ ধরনের ব্যানার নিয়ে স্লোগান দেয়। একই সময়ে কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদী সমাবেশ হয়। এ সময় বেশ কয়েকজন তরুণ মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশ সভাপতিত্ব করেন কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়। এতে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রসংসদের সাবেক সহসভাপতি (ভিপি) সফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।