বিভাগের নাম পরিবর্তনের দাবিতে প্রধান ফটকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আইন ও মুসলিম বিধান বিভাগের নাম পরিবর্তন করে আইন বিভাগ করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তন করে শুধু আইন বিভাগ করার দাবি জানিয়ে আসছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বিষয়টি উত্থাপন করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিভাগের শিক্ষার্থীরা সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দাবি আদায়ে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। একাডেমিক কাউন্সিলে বিভাগের নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় বিকেল চারটার দিকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। বৈঠক শেষে শিক্ষকেরা প্রশাসন ভবন থেকে বের হওয়ার সময় তাঁদের লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করতে থাকেন শিক্ষার্থীরা। বিকেল পাঁচটায় প্রশাসন ভবন থেকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে তালা লাগিয়ে দেন। এতে ঝিনাইদহ ও কুষ্টিয়াগামী পাঁচটার বাস সময়মতো ছাড়তে পারেনি। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য হারুন উর রশিদ আসকারীর সঙ্গে দেখা করে। উপাচার্য দাবি পূরণের আশ্বাস দিলে প্রধান ফটকের তালা খুলে দেওয়া হয়।
সন্ধ্যায় উপাচার্য হারুন উর রশিদ আসকারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়েছে। তিনটি বিভাগের নাম পরিবর্তন নিয়ে দু-এক দিনের মধ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। কমিটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভাগের নাম নিয়ে পর্যালোচনা করে একটি প্রতিবেদন দেবে। তিনি বলেন, প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। পরবর্তী কাউন্সিলে সিদ্ধান্ত হতে পারে। তবে এটার অবশ্যই সুরাহা হবে।