বিভাগের নাম 'কুমিল্লা' রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীনকাল থেকেই অগ্রসরমাণ কুমিল্লা। এ শহর ইতিহাস ও ঐতিহ্যের শহর। ভৌগোলিকভাবে এ শহরের চারদিকে রয়েছে চার বিভাগ। পশ্চিমে ঢাকা, পূর্বে চট্টগ্রাম, দক্ষিণে বরিশাল ও উত্তরে সিলেট। এ অবস্থায় কোনো ইউনিয়নের নামে কিংবা পাহাড়ের নামে কুমিল্লা বিভাগের নাম হতে পারে না। ‘কুমিল্লা’ নামেই বিভাগ চাই। গতকাল বুধবার বিকেলে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে বিভিন্ন প্রতিবাদী সংগঠনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনে ঘুরেফিরে বিভিন্ন বক্তা এসব কথা বলেন।

বিকেল চারটায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় ব্যানার নিয়ে আসে বিভিন্ন সংগঠন। এতে জাগ্রত মানবিকতা, আমরা কুমিল্লাবাসী, আসাদনগর বঙ্গবন্ধু মডেল থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও কুমিল্লার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে শত শত প্রতিবাদী জনতা পূবালী চত্বরে হাজির হন। সেখানে প্রথমে বিক্ষোভ, পরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভূঁইয়া, কুমিল্লা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জুর কাদের, সাবেক কাউন্সিলর অনিতা সরকার, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা গণদাবি পরিষদের সদস্যসচিব অশোক বড়ুয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কাজী এনামুল হক প্রমুখ।

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয় বলেন, ময়নামতি নামে কুমিল্লা বিভাগের নামকরণ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে কুমিল্লা নামে বিভাগের নাম করতে হবে। তবেই কুমিল্লাবাসীর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম পূর্ণতা পাবে।

এদিকে ময়নামতি নাম প্রত্যাহার করে কুমিল্লা বিভাগের নাম ‘কুমিল্লা’ রাখার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত জেলা বিএমএর উদ্যোগে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ ও কুমিল্লার বিভিন্ন সরকারি হাসপাতালের সামনে চিকিৎসকেরা ওই মানববন্ধন করবেন।

গত মঙ্গলবার সকালে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি বিভাগ হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। পরে সভা শেষে পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমকে ওই তথ্য জানান।