বিভাগের নামে কুমিল্লা রাখার দাবিতে মহাসমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নামে বিভাগের দাবিতে আজ মঙ্গলবার মহাসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনরত তরুণ প্রজন্ম। বেলা তিনটায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ সমাবেশ হবে।
গতকাল সোমবার বিকেলে কুমিল্লার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে তরুণ প্রজন্মের বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। ১৪ ফেব্রুয়ারি থেকে পূবালী চত্বরে ময়নামতি নয়, কুমিল্লা নামে বিভাগের দাবিতে টানা আন্দোলন চলছে। আন্দোলনরত তরুণ প্রজন্মের সংগঠক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভূঁইয়া বলেন, গতকাল বিকেল চারটায় পূবালী চত্বরে শত শত প্রতিবাদী জনতা উপস্থিত হয়। তাঁরা টানা এক ঘণ্টা নানা স্লোগানে কুমিল্লা নামে বিভাগের নামকরণের দাবি জানান। একপর্যায়ে পূবালী চত্বরের চারপাশের সড়ক বন্ধ হয়ে যায়। তখন সাধারণ মানুষের পাশাপাশি অটোরিকশা, ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার থামিয়ে কিছু সময়ের জন্য সমাবেশস্থলে অবস্থান নেন এসব গাড়ির চালক ও আরোহীরা।
কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রবীণ সাংবাদিক ও কবি খায়রুল আহসান, কুমিল্লা জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইয়েদ মাহমুদ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, সাবেক কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম সাদেক, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, গাজী টিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, কালের কণ্ঠ-এর আলোকচিত্রী হুমায়ুন কবীর ও সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদুল আলম বক্তব্য দেন।
সমাবেশে আবুল কাশেম বলেন, ‘কোনো ব্যক্তিবিশেষের (খন্দকার মোশতাক) ওপর রাগ করে কুমিল্লার আপামর জনগণকে বঞ্চিত করা কোনোভাবেই কাম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লাবাসীর প্রত্যাশিত দাবির প্রতি নিশ্চয় সম্মান দেখাবেন।’