
বিভাগের ভুলে ভর্তি বঞ্চিত এক শিক্ষার্থীকে এক মাসের মধ্যে চলতি শিক্ষাবর্ষে (২০১৭-২০১৮) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি করতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই শিক্ষার্থীর করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে আজ রোববার এ রায় দেন।
আদালতে রিট আবেদনকারী শিক্ষার্থী জে এম আরাফাত ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এস এম আবদুল মোবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
সগীর হোসেন লিওন প্রথম আলোকে বলেন, গেল শিক্ষাবর্ষে (২০১৬-১৭) আরাফাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পান। ছয়টি বিভাগে ভর্তির সুযোগ পেলেও কর্তৃপক্ষের ভুলে তাঁকে বাংলা বিভাগে ভর্তির তালিকায় দেখানো হয়। পরে ভর্তি হতে গেলে আরাফাত বাংলায় মাইনাস ‘এ’ পেয়েছে বলে ভর্তিতে অস্বীকৃতি জানায়। তখন তিনি রিটটি করেন। ইতিমধ্যে আরাফাতের একটি বছর নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আরাফাতকে এক মাসের মধ্যে চলতি শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এর আগে গত বছরের ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভাগের ভুলে ভর্তি হতে পারছেন না ছাত্র!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে ওই শিক্ষার্থী গত আগস্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গেল বছরের ৫ আগস্ট হাইকোর্ট রুল দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রোববার রায় হয়।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের ভুলের কারণে মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হতে পারছেন না উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আসা এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে কলা ও মানবিকী অনুষদের (সি ইউনিট) মেধাতালিকায় ৭১তম হন জে এম আরাফাত ইসলাম। মেধাতালিকা অনুযায়ী বাংলা বিভাগে ভর্তি হতে যান তিনি। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলায় ন্যূনতম ‘এ’ গ্রেড চাওয়া হলেও তাঁর ‘এ’ মাইনাস থাকায় তাঁকে ভর্তি করাতে অস্বীকৃতি জানায় বিভাগ কর্তৃপক্ষ।
বাংলা বিভাগ সূত্রে জানা যায়, মেধাতালিকায় স্থান পেয়েও বিভাগীয় শর্ত পূরণ না করলে কোনো শিক্ষার্থীকে ভর্তি করানো হয় না। তা ছাড়া বিভাগীয় শর্ত পূরণ করেন না, এমন শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে আগেই বাদ পড়ে যান।
প্রতিবেদনে আরও বলা হয়, খোঁজ নিয়ে জানা যায়, ভর্তি পরীক্ষার আবেদনকারীদের শিক্ষা বোর্ড, ইংরেজি মাধ্যম ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়—এ তিন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। শিক্ষাব্যবস্থার পদ্ধতিগত ভিন্নতার কারণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল বিশেষ প্রক্রিয়ায় সমতা করা হয়। কিন্তু ওই বছর ভুলবশত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের ফলাফল সমতা করা হয়নি। ফলে বিভাগীয় শর্ত পূরণ না করেও মেধাতালিকায় স্থান পান আরাফাত।
তবে চলতি শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ‘এ মাইমাস’ পাওয়া শিক্ষার্থী যোগ্য হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে রয়েছে বলে জানান আইনজীবী সগীর হোসেন লিওন।