জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের ভুলের কারণে মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হতে পারছেন না উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আসা এক শিক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে কলা ও মানবিকী অনুষদের (সি ইউনিট) মেধা তালিকায় ৭১তম হন জে এম আরাফাত ইসলাম। মেধা তালিকানুযায়ী গত ২০ ডিসেম্বর বাংলা বিভাগে ভর্তি হতে যান তিনি। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলায় ন্যূনতম এ গ্রেড চাওয়া হলেও তাঁর এ মাইনাস থাকায় তাঁকে ভর্তি করাতে অস্বীকৃতি জানায় বিভাগ কর্তৃপক্ষ।
বাংলা বিভাগ সূত্রে জানা যায়, মেধা তালিকায় স্থান পেয়েও বিভাগীয় শর্ত পূরণ না করলে কোনো শিক্ষার্থীকে ভর্তি করানো হয় না। তা ছাড়া বিভাগীয় শর্ত পূরণ করেন না এমন শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে আগেই বাদ পড়ে যান।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ভর্তি পরীক্ষার আবেদনকারীদের শিক্ষা বোর্ড, ইংরেজি মাধ্যম ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়—এ তিন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। শিক্ষাব্যবস্থার পদ্ধতিগত ভিন্নতার কারণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল বিশেষ প্রক্রিয়ায় সমতা করা হয়। কিন্তু এ বছর ভুলবশত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের ফলাফল সমতা করা হয়নি। ফলে বিভাগীয় শর্ত পূরণ না করেও মেধা তালিকায় স্থান পেয়েছেন আরাফাত।
এ ঘটনায় ভুল স্বীকার করে সংশ্লিষ্ট বিভাগে আরাফাতকে ভর্তি করানোর জন্য সুপারিশ করেছেন অনুষদের ডিন মো. মোজাম্মেল হক। এ বিষয়ে তিনি বলেন, ‘ভুলবশত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের ফলাফল সমতাকরণের সিদ্ধান্ত হয়নি। ফলে বিভাগীয় শর্ত পূরণ না করেই মেধা তালিকায় স্থান পেয়েছেন আরাফাত। আমি তাঁকে ভর্তি করানোর সুপারিশ করেছি। কিন্তু প্রতিটি বিভাগই স্বাধীন। তারা ভর্তি না করালে কিছু করার নেই।’
এ ঘটনায় গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন আরাফাত। তিনি বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলাম। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব বলে সেখানে ভর্তি হইনি। এখন এখানেও ভর্তি হতে পারছি না।’
বাংলা বিভাগের সভাপতি এ এস এম আবু দায়েন বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় আলোচনা হয়েছে। সেখানে তাঁকে (আরাফাত) ভর্তি না করানোর সিদ্ধান্ত হয়েছে। কারণ, অন্য যাঁদের শর্ত পূরণ না করায় ভর্তি করানো হয়নি, এটা করলে তাঁদের প্রতি অবিচার করা হবে।