বিভাগের মধ্যে বেশি ঝুঁকিতে খুলনা জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি এইডস ঝুঁকিতে রয়েছে খুলনা জেলা। এ জেলাতেই এখনো পর্যন্ত এইচআইভি/এইডস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি।
এই তথ্য দিয়েছে এইডস রোগীদের চিকিৎসা ও শনাক্তের কাজ করা ‘মুক্ত আকাশ বাংলাদেশ’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে কর্মকর্তারা জানান, যাঁরা ভারতে নিয়মিত যাতায়াত করেন, খুলনা জেলায় তাঁদের মধ্যেই এ রোগ বেশি পাওয়া যাচ্ছে।
মুক্ত আকাশ বাংলাদেশের খুলনা বিভাগীয় কার্যালয় ও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ২০০৩ সালে এইডস রোগীদের তথ্য সংগ্রহের পর থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত খুলনা বিভাগে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা পাওয়া গেছে ২১৩ জন। এর মধ্যে খুলনায় আছে ৬৯ জন। সাধারণত ডিসেম্বর থেকে পরবর্তী বছরের নভেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের প্রতিবেদন প্রকাশ করে মুক্ত আকাশ। তাঁদের তথ্য থেকে দেখা গেছে, ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে খুলনা জেলাতে নতুন এইডস রোগী শনাক্ত হয়েছে ১৯ জন। আর পুরো বিভাগে শনাক্ত হয়েছে ৩২ জন।
মুক্ত আকাশ বাংলাদেশের খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেহানা বেগম বলেন, এইচআইভি/এইডস শনাক্তদের মধ্যে অভিবাসী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমকামীরা রয়েছেন। সাম্প্রতিক সময়ে ভারত থেকে যৌনকর্মীরা আসছেন। এসব যৌনকর্মীর শরীরে এইডসের জীবাণু পাওয়া যাচ্ছে। তা ছাড়া যাঁরা ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কাজ করেন, তাঁদের মধ্যেও এ রোগের প্রবণতা বেশি লক্ষ করা যাচ্ছে।
জানতে চাইলে খুলনার সিভিল সার্জন এ এস এম আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বিভাগের মধ্যে খুলনা জেলায় এইডস রোগী বেশি শনাক্ত হয়েছে এটা ঠিক, তবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে।