বিভাজন করার পরও সড়কে হকার, দুর্ভোগ

ঢাকা-আরিচা ও নবীনগর-কালিয়াকৈর-টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল যানজট এবং হকারমুক্ত রাখতে নবীনগর বাসস্ট্যান্ড এলাকার সড়কে তিনটি লেন করা হয়েছে। তবে এসব লেনের ভেতরেই যত্রতত্র হকাররা বসছেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
নবীনগর বাসস্ট্যান্ড এলাকা দেখভালের জন্য একজন সার্জেন্টসহ ট্রাফিকের একাধিক কনস্টেবল নিয়মিত দায়িত্ব পালন করেন। তবে সেখানে হকাররাও নিয়মিত বসছেন। ঢাকা থেকে আরিচা, আরিচা থেকে ঢাকা, টাঙ্গাইল বা কালিয়াকৈরের দিক থেকে নবীনগর, ঢাকা ও আরিচা থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার যে তিনটি লেন রয়েছে, সেসব লেনের বিভাজকে ঝুঁকি নিয়ে সিগারেটসহ বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে বসছেন হকাররা। টাঙ্গাইল বা কালিয়াকৈরের দিক থেকে নবীনগরের দিকে আসতে যে লেনটি রয়েছে, সেই লেনের বিভাজকে বসে বুধবার দুপুরে সিগারেটসহ বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছিলেন সোহরাব হোসেন নামের এক হকার। পাশেই দাঁড়িয়ে কথা বলছিলেন ইলিয়াছ নামের ট্রাফিক পুলিশের এক কনস্টেবল।
হকার সোহরাব বলেন, ‘একটা কিছু করে সংসার চালাতে হবে তো। তাই স্যারদের বলেই দোকান করছি।’
জানতে চাইলে সাভার ট্রাফিক পরিদর্শক ফরহাদ হায়দার বলেন, সড়ক বিভাজন করে তিন লেন করার পরও কিছুদিন ধরে লেনের ভেতরে ঢুকে হকাররা দোকান করছেন। তাঁদের সঙ্গে ট্রাফিকের কোনো সংশ্লিষ্টতা নেই। ট্রাফিকের পক্ষ থেকে তাঁদের তুলে দেওয়া হলেও কয়েক ঘণ্টা পর তাঁরা আবার যে যাঁর মতো আগের অবস্থানে বসে যায়।