বিভাসের শেষকৃত্য সম্পন্ন
প্রিয়জনদের চোখের পানি, ক্ষোভ আর ভালোবাসায় সিক্ত হয়ে অন্তিম যাত্রা করলেন দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। গতকাল শনিবার বিকেলে রাজারবাগ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে বিভাসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিক্ষোভে ফেটে পড়েন সংবাদকর্মীরা। গত শুক্রবার সন্ধ্যায় অফিসে যাওয়ার পথে বাসের চাপায় নিহত হন বিভাস। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ হিমঘরে রাখা হয়।সকাল ১০টায় বিভাসের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান স্বজন, সহকর্মী, বন্ধুসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। শ্রদ্ধা জানানো শেষে তাঁর লাশ শ্মশানে নেওয়া হয়। মরদেহ ডিআরইউর প্রাঙ্গণে আনার আগে থেকেই সাংবাদিকেরা জড়ো হতে থাকেন। সেখান থেকে অপরাধবিষয়ক সাংবাদিকেরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কদম ফোয়ারা ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়। এ সময় প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। ক্র্যাবের ব্যানারে আয়োজিত এ সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, সাখাওয়াত হোসেন বাদশা, সাজ্জাদ আলম খান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিভাস সাহার ঘাতক বাসচালককে গ্রেপ্তার করতে হবে। সরকার ও বাসমালিকের পক্ষ থেকে বিভাসের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া দুর্ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে মারমুখী ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে। এসব দাবি পূরণ না হলে সোমবার সকাল থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষণা করা হয়। বাসচাপায় এক দিনে দুজন সাংবাদিকের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এক বিবৃতিতে ঘাতক বাসচালকের গ্রেপ্তার ও বিচার এবং নিহত সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।ডিআরইউর সদস্য বিভাসের মৃত্যুতে তিন দিনের কর্মসূচি পালন শুরু করেছে সংগঠনটি। আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও কাল সোমবার একই সময়ে ডিআরইউতে স্মরণসভা।