জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির ডাকা কর্মবিরতিতে বিভিন্ন অনুষদে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কলা অনুষদের নতুন কলাভবনে তালা ঝুলতে থাকায় শহীদ মিনারে ক্লাস নিয়েছেন দর্শন বিভাগের একজন শিক্ষক। তবে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক সমিতির নেতারা। গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, কলা অনুষদের নতুন কলাভবনের বিভিন্ন কক্ষ তালাবদ্ধ রয়েছে। শ্রেণীকক্ষ তালাবদ্ধ থাকায় সোমবার শহীদ মিনারে ক্লাস নিয়েছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন। রায়হান রাইন বলেন, ‘শিক্ষক সমিতির বিভিন্ন দাবির সঙ্গে আমি একমত হলেও শিক্ষা কার্যক্রম ব্যাহত করে—এমন আন্দোলনের সঙ্গে আমি একমত নই। শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে আন্দোলন অব্যাহত রাখা আমি সমর্থন করি না। সে জন্য আমি শহীদ মিনারে ক্লাস নিয়েছি।’ সমাজবিজ্ঞান অনুষদের ডিন আমির হোসেন বলেন, ‘কোনো শিক্ষক ক্লাস নিতে চাইলে তালা খুলে দেওয়া হবে। কেউ আসেননি, তাই তালা খোলা হয়নি।’ গতকালও অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। তবে নৃবিজ্ঞান, বাংলা, দর্শন, আন্তর্জাতিক সম্পর্ক, নাটক ও নাট্যতত্ত্ব এবং ভূতত্ত্ব বিভাগে ক্লাস হয়েছে। এদিকে শিক্ষকদের একটি অংশ গতকাল উপাচার্য মো. আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করে ক্লাস পরীক্ষা অব্যাহত রাখার পক্ষে তাঁদের অবস্থান ব্যক্ত করেছেন। এ বিষয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরাও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিক্ষক লাঞ্ছনার বিচার চাই। তবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়—এমন রাজনৈতিক ফায়দা লোটার আন্দোলন গ্রহণযোগ্য নয়।’শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘তালা ঝোলানোর বিষয়ে আমি কিছু জানি না। আমরা শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।’আনোয়ার হোসেন বলেন, ‘আমি গত শনিবার শিক্ষক সমিতির নেতাদের আলোচনার আহ্বান জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি।’ ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে এক শিক্ষকের লাঞ্ছনার অভিযোগের বিচার, ১ ও ২ আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার না হওয়ায় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে শিক্ষক সমিতি।