বিভিন্ন অপরাধে ১৭ রেস্তোরাঁ, বেকারি ও দোকানের জরিমানা
খাদ্যদ্রব্য নোংরা ও অস্বাস্থ্যকরভাবে রেখে পরিবেশন এবং বিক্রি করার দায়ে গতকাল মঙ্গলবার রাজধানীর সাতটি রেস্তোরাঁ ও বেকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর শ্যামলী, পুরান ঢাকার জনসন রোড ও কোর্ট হাউস স্ট্রিটে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেয়। জরিমানা করা রেস্তোরাঁ-বেকারিগুলোর মধ্যে তিনটি হচ্ছে শ্যামলী এলাকায়। এগুলো হচ্ছে—হোটেল প্লিজ্যান্ট অ্যান্ড রেস্টুরেন্ট, সাভার বিরানি হাউস ও কাবাব এবং রোচক সুইটস অ্যান্ড বেকারি। জনসন রোডে জরিমানা করা হয় নিউ ঘরোয়া হোটেল ও মীম রেস্তোরাঁকে। কোর্ট হাউস স্ট্রিটে মুনসুর হোটেল ও ইটাল-বাংলা হোটেলকে জরিমানা করা হয়। জরিমানার মোট অঙ্ক এক লাখ ৩৬ হাজার টাকা।অধিদপ্তরের অভিযান: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল রাজধানীর মিরপুর ও বাড্ডায় পৃথক অভিযান চালিয়ে ১০টি বেকারি, ডিপার্টমেন্ট স্টোর ও রেস্তোরাঁকে জরিমানা করেছে। নির্ধারিত দরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য পরিবেশন এবং ওজন কম দেওয়ার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়। সব মিলিয়ে দুই লাখ সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। মিরপুরে কাজীপাড়ার জননী ডিপার্টমেন্টাল স্টোর ও হাওলাদার জেনারেল স্টোরকে বেশি দামে চিনি ও সয়াবিন তেল বিক্রির অভিযোগে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।