নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, একেবারে স্থানীয় ও আঞ্চলিক আত্মবোধ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবতাবোধ পর্যন্ত আত্মবোধের মধ্যে কোনো বিরোধ নেই। তিনি বিভিন্ন আত্মবোধের মধ্যে যোগাযোগ বাড়ানোরও তাগিদ দিয়েছেন।অমর্ত্য সেন গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা হলে মানিকগঞ্জ উৎসব ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করেছে।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট এ অর্থনীতিবিদ বলেন, ‘ভিটে, গ্রাম, বাংলাদেশ, দক্ষিণ এশিয়া, সমগ্র এশিয়া, আন্তর্জাতিক মানবতাবোধসহ বিভিন্ন আত্মবোধের মধ্যে কোনো সংঘর্ষ নেই। আত্মবোধ একটাই থাকতে হবে, তারও কোনো কারণ নেই। মানবতাবোধসহ বিভিন্ন আত্মবোধের মধ্যে যোগাযোগ যতটা সম্ভব বৃদ্ধি করার জন্য কাজ করতে হবে।’অমর্ত্য সেন আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর একটু নরম ভাষায় আর নজরুল ইসলাম একটু ভিন্নভাবে বিভিন্ন জিনিস নিয়ে নিজেদের বৈচিত্র্য, আত্মবোধের শেকড় বা ভিত্তি কোথায়, তা বলার চেষ্টা করেছেন।’ মানিকগঞ্জের কৃতী সন্তানদের নাম নিয়ে লেখা একটি সংগীতের বৃন্দ পরিবেশনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য অধ্যাপক দিলারা হাফিজ, গায়ক কিরণ চন্দ্র রায়, কণ্ঠশিল্পী আগুনসহ মানিকগঞ্জের কৃতী সন্তানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অমর্ত্য সেন।