বিভিন্ন আয়োজনে কবিগুরুর জন্মবার্ষিকী পালিত
সংগীতানুষ্ঠান, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বগুড়া শাখার উদ্যোগে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ছয়টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মুক্তিমঞ্চে সমবেত গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিল্পীদের একক পরিবেশনা ও আবৃত্তির মধ্য দিয়ে প্রভাতী অনুষ্ঠান শেষ হয়। বিকেলে সংগঠনের সভাপতি মীর ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বগুড়া লেখক চক্রের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুদ্ধস্বরের উদ্যোগে বিকেলে সিডিএলএস মিলনায়তনে এক আলোচনা সভা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়: বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সেমিনারকক্ষে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্। অনুষ্ঠানে কবিগুরুর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন কবি, সাহিত্যিক ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন এবং রাজশাহী জেলা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম আবদুর রহমান। নীলফামারী: সকালে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নীলফামারী শাখার উদ্যোগে শহরের স্মৃতি অম্লান চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক জিল্লুুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সংগঠনের জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তৃতা করেন পরিষদের সাধারণ সম্পাদক শামীমা রহমান, আতাউর রহমান, কামরুল আলম প্রমুখ। পঞ্চগড়: চার দিনব্যাপী অনুষ্ঠানমালা গতকাল শেষ হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সরকারি মিলনায়তনে শেষ হয়। সেখানে আলোচনা সভায় জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রধান অতিথি ছিলেন। জয়পুরহাট: সকালে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা শাখা শহীদ মিনার চত্বরে দিবসটির সূচনা করে। জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নৃত্য, আবৃত্তি, সংগীতানুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। লালমনিরহাট: জেলা জাদুঘরের উদ্যোগে প্রকাশিত ‘রবীন্দ্র স্মৃতি অ্যালবাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রিষিণ পরিমল ও লালমনিরহাট সাহিত্য পরিষদের সহসভাপতি নজরুল ইসলাম মণ্ডল। পাবনা: জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ পাবনা জেলা শাখা সাত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। ১০ থেকে ১৬ মে পর্যন্ত শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে এসব অনুষ্ঠান হবে। ১০ মে অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, মফিদুল হক, মোহাম্মদ জয়নুদ্দিন, কামাল লোহানী প্রমুখ। [এ ছাড়া দিনাজপুরের হাকিমপুর, জয়পুরহাটের কালাই ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে]