বিভিন্ন কর্মসূচিতে মে দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গত শুক্রবার শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:  

সিলেট: সকাল নয়টা থেকে নগরের কোর্ট পয়েন্ট ও কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা নিয়ে আসে। দুপুরে নগরের উপকণ্ঠের চা-বাগানগুলো থেকে চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা লাক্কাতুরা চা-বাগানে গিয়ে সমাবেশে করে। সন্ধ্যার পর নগর নাট রিকাবিবাজারে কবি নজরুল মুক্তমঞ্চে আয়োজন করে ‘শ্রমিকের ঘামে প্রতিরোধের গানে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।

নেত্রকোনা: শহরের মোক্তার পাড়ার মুক্ত মঞ্চের সামনে থেকে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার জাকির হোসেন খানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।

মির্জাপুর (টাঙ্গাইল): সকালে উপজেলা সদরের কলেজ রোড থেকে উপজেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, প্রকৌশল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্রীড়া সংস্থা ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে তারা সেখানে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, পৌর শ্রমিক লীগের সভাপতি আলী হোসেন প্রমুখ। বিকেলে হাঁটুভাঙ্গা রোডে জাতীয় শ্রমিক লীগ গোড়াই আঞ্চলিক শাখার সভাপতি মো. মাহবুবুল আলম খানের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন প্রধান অতিথির বক্তব্য দেন।

জুড়ী (মৌলভীবাজার): বেলা দুইটার দিকে জুড়ী ভ্যালি চা-শ্রমিক ইউনিয়নের ব্যানারে রত্না চা-বাগান পূজামণ্ডপে সমাবেশ হয়েছে। সমাবেশে জুড়ীসহ আশপাশের কুলাউড়া ও বড়লেখার ৩৬টি বাগানের সহস্রাধিক চা-শ্রমিক যোগ দেন। এতে সভাপতিত্ব করেন চা-শ্রমিক ইউনিয়নের জুড়ী ভ্যালি কমিটির সভাপতি কমল বুনারজি। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপজেলা কমিটির আহ্বায়ক আজির উদ্দিন, চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পরেশ কালিন্দি প্রমুখ।