বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সোয়া সাতটার দিকে উপাচার্য মুহম্মদ মিজান উদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহানসহ প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনার এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি, হল প্রশাসন ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেওয়া হয়। ছাত্র উপদেষ্টা দপ্তরের সহযোগিতায় নাট্যকলা বিভাগের উদ্যোগে প্রামাণ্যচিত্র আলো ছায়া-১৪ প্রদর্শন করা হয়। সন্ধ্যায় পুরোনো ফোকলোর চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। এতে বুদ্ধিজীবী হত্যার চিত্র তুলে ধরা হয়ে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা সাড়ে পাঁচটায় রুয়েট সাহিত্য সংঘের উদ্যোগে শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সন্ধ্যা ছয়টায় তৎকালীন রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের শহীদ শিক্ষার্থীদের নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। সবশেষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া দেখানো হয়। সকাল সাড়ে আটটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
ঈশ্বরদী (পাবনা): সকালে ঈশ্বরদীর নাগরিক মঞ্চ, বাংলাদেশ শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতি যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন আয়নুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, স্বপন কুমার কুণ্ডু, এমদাদুল হক প্রমুখ। এ ছাড়া ঈশ্বরদী প্রেসক্লাব, আওয়ামী লীগ ও বিএনপি পৃথক কর্মসূচি পালন করে। প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর (বগুড়া): শেরপুরে বেসরকারি সংস্থা মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন ও স্থানীয় প্রেসক্লাব পৃথকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালন করে। এতে স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষক, সংবাদকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় মৈত্রীর কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন আশরাফ উদ্দিন সরকার, আবদুস সাত্তার, মুন্সী সাইফুল বারী প্রমুখ। বেলা তিনটায় প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন।