বিভিন্ন কলেজে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক সম্মান প্রথম বর্ষের ফল গণহারে খারাপ হয়েছে বলে অভিযোগ করেছেন দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে ও ফল পুনর্মূল্যায়নের দাবিতে গতকাল বুধবার বিভিন্ন কলেজে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বরিশাল: বেলা ১১টায় ব্রজমোহন কলেজ এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে অশ্বিনী কুমার হল চত্বরে মিলিত হন। সেখানে মানববন্ধন করা হয়। শিক্ষার্থীরা জানান, হাতেম আলী কলেজে মার্কেটিং বিভাগের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র চারজন উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৯৫ পরীক্ষার্থীর মধ্যে ফেল করেন ১৮৫ জন।

ব্রজমোহন কলেজের কার্যালয় থেকে জানা যায়, কলেজের বিভিন্ন বিভাগ থেকে মোট পাঁচ হাজার ১৫৭ জন পরীক্ষার্থী অংশ নেন। কিন্তু ৫০ থেকে ৬০ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মুর্তজা আলী বলেন, গত বছর গ্রেডিং পদ্ধতিতে শূন্য দশমিক ৩৩ পয়েন্ট পেয়ে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন। এ বছর উত্তীর্ণের ক্ষেত্রে সর্বনিম্ন ১ দশমিক ৭৫ পয়েন্ট নির্ধারণ করায় ফল খারাপ হয়েছে।

বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, অর্থনীতিতে ২৮ ভাগ এবং বাংলায় ৬৭ ভাগ ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। এ জন্য ফল পুনর্মূল্যায়নের দাবি উঠেছে।

রংপুর: রংপুরে কারমাইকেল কলেজেও শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। মিছিল শেষে অধ্যক্ষের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা হয়। শিক্ষার্থীরা অধ্যক্ষকে সঞ্চারকলিপি দেন। অধ্যক্ষ মোকসেদ আলী সঞ্চারকলিপি গ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

কলেজ থেকে জানা যায়, কারমাইকেল কলেজে ফিন্যান্স বিভাগে ৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জন, মার্কেটিংয়ে ৬৫ জনের মধ্যে ২৭ জন, বাংলায় ২৪২ জনের মধ্যে ১২৬ জন অকৃতকার্য হয়েছেন।

নওগাঁ: শহরের মুক্তির মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী মেজবাউল আমিন ও নূরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯-১০ শিক্ষাবর্ষের সম্মান কোর্সে পরীক্ষার্থীদের কেবল একটি বিষয়ে পাস করলেই দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ২০১০-১১ শিক্ষাবর্ষে এসে সর্বনিম্ন চারটি বিষয়ে পাস করলেও উত্তীর্ণের সুযোগ দেওয়া হচ্ছে না। 

এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম রেজা সারোয়ার বলেন, নতুন নীতিমালা অনুযায়ী সম্মান পরীক্ষায় গ্রেডিং পয়েন্টের ভিত্তিতে প্রথম বর্ষে ১ দশমিক ৭৫, দ্বিতীয় বর্ষে ২ এবং তৃতীয় বর্ষে ২ দশমিক ২৫ পেলেই কেবল উত্তীর্ণ বলে গণ্য করার কথা।

কিন্তু ২০০৯-১০ শিক্ষাবর্ষে কেবল এক বিষয়ে পাস করলেই উত্তীর্ণ ঘোষণা করা হয়। নতুন নীতিমালায় ফল প্রকাশ করতে গিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ, আস্তানমোল্লা ডিগ্রি কলেজ ও বিএমসি মহিলা কলেজ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ৭০ শতাংশই ফেল করেন বলে জানান তিনি।