জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রামের বিভিন্ন কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকট চলছে। শ্রেণীকক্ষের অভাবে গবেষণাগারে (ল্যাবরেটরি) পাঠদান এবং কলেজের মিলনায়তনে পরীক্ষা নেওয়ার নজিরও রয়েছে। কলেজ কর্তৃপক্ষ এসব বিষয় ঊর্ধ্বতন মহলে জানিয়ে কোনো সুফল পায়নি। সম্প্রতি স্বতন্ত্র পরীক্ষা হল, শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকট নিরসনের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। জানা যায়, চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, এমইএস কলেজ, হাজেরা-তুজ ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠদান চলে। সূত্রমতে, এনাম কমিটির সুপারিশ অনুযায়ী উচ্চমাধ্যমিক থেকে স্নাতক (ডিগ্রি) পর্যায়ের শিক্ষার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে অন্তত চারজন করে শিক্ষক থাকতে হয়। স্নাতক থেকে স্নাতক (সম্মান) শ্রেণীর ক্ষেত্রে প্রতি বিষয়ে সাতজন করে এবং স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর জন্য প্রতিটি বিষয়ে মোট ১২ জন শিক্ষক থাকা প্রয়োজন। ১২ জন শিক্ষকের পদ-কাঠামো হচ্ছে একজন অধ্যাপক, চারজন সহযোগী অধ্যাপক, তিনজন সহকারী অধ্যাপক ও চারজন প্রভাষক। খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত কলেজগুলোতে এসব শিক্ষকের পদ-কাঠামোই সৃষ্টি হয়নি। পাশাপাশি শ্রেণীকক্ষ ও ছাত্রাবাসের সংকট রয়েছে তীব্র। চট্টগ্রাম সরকারি কলেজে ১৮টি স্নাতক (সম্মান)-স্নাতকোত্তর কোর্সের জন্য ২১৬ জন শিক্ষক থাকার কথা, সেখানে আছেন মাত্র ১০১ জন। সরকারি সিটি কলেজে ১৫টি স্নাতক (সম্মান), ১২টি স্নাতকোত্তর ও দুটি উচ্চমাধ্যমিকসহ ৭৪টি ব্যাচের জন্য শ্রেণীকক্ষ রয়েছে মাত্র ৩০টি। স্নাতক-প্রিলিমিনারির জন্য কোনো শ্রেণীকক্ষ নেই। পদার্থবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞানের পাঠদান চলে ল্যাবরেটরিতে। শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকটের কথা স্বীকার করে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে বলেন, ‘এত কমসংখ্যক শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।’ এসব সংকটের কথা এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানোর কথাও বলেছেন তিনি। স্বতন্ত্র পরীক্ষা হল, শ্রেণীকক্ষ তৈরি ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে সম্প্রতি ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ প্রসঙ্গে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষার্থীবৃন্দ’র সঙ্গে যুক্ত শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, ‘আমরা শ্রেণীকক্ষ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের পাশাপাশি স্বতন্ত্র পরীক্ষা হল তৈরির ওপর জোর দিচ্ছি। কারণ, এখন পরীক্ষার সময় ক্লাস সাসপেন্ড হয়ে যায়। আলাদা পরীক্ষা হল থাকলে সেখানে পরীক্ষা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ক্লাস নেওয়া সম্ভব হতো।’ আলাদা পরীক্ষা হলের প্রয়োজনীয়তা স্বীকার করে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম বলেন, ‘শ্রেণীকক্ষের সংকটের কারণে আমাদের কলেজের মিলনায়তনেও পরীক্ষা নিতে হয়।’