যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকায় ৩৯টি পোশাক কারখানা (গার্মেন্টস) সম্পূর্ণ এবং ৪২টি কারখানা আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যান্য কারণসহ সব মিলিয়ে ৭৯০টি কারখানা বন্ধ রয়েছে।
গতকাল সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, দেশে ৫ হাজার ১৯০টি পোশাক কারখানা আছে। এর মধ্যে ৪ হাজার ৮৩৪টি রপ্তানিমুখী। জাতীয় উদ্যোগ, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তত্ত্বাবধানে রপ্তানিমুখী ৩ হাজার ৭৪৬টি কারখানায় অগ্নি, বৈদ্যুতিক ও কারখানা ভবনের প্রাথমিক নিরাপত্তা যাচাই করা হয়েছে। যাচাই শেষে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকায় ৩৯টি কারখানা সম্পূর্ণ এবং ৪২টি কারখানা আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে।
বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সরকারি দলের ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ২০১৪-১৫ অর্থবছরে গার্মেন্টস পণ্য রপ্তানি করে ২৫ হাজার ৪৯১ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি হয়েছে ২৩ লাখ ৭৬২ মিলিয়ন ডলারের পণ্য। সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মন্দাভাব থাকা সত্ত্বেও বাংলাদেশ ইউরোপের ২৮টি দেশে ২০১০-১১ থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত যথাক্রমে ১১ হাজার ৯৫১ দশমিক ৫০ মিলিয়ন; ১২ হাজার ৭৪০ দশমিক ৩৩ মিলিয়ন; ১৩ হাজার ৯৭৬ দশমিক ৬৬ মিলিয়ন; ১৬ হাজার ৪০৩ দশমিক ৮৬ মিলিয়ন এবং ১৭ হাজার ৩৫ দশমিক ৮৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। সব মিলিয়ে ৭২ হাজার ১০৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশসহ বিশ্বের ৫২টি দেশে উল্লেখযোগ্য পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে।
এস এম আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম জানান, ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত সৌদি আরবে ১ লাখ ৮ হাজার ৩৮৩ জন কর্মী পাঠানো হয়েছে। মনোয়ারা বেগমের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে বাংলাদেশ থেকে ১৬১টি দেশে কর্মী পাঠানো হয়ে থাকে।
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে নুরুল ইসলাম জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১১ লাখ ৯৭ হাজার ২২৬ জন বাংলাদেশি কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন।
আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান, কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে জন্য চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৭ লাখ টন ধান সরাসরি কেনা হচ্ছে।