বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ, আটজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ চলাকালে গতকাল কয়েক জায়গায় হামলা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আটজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। এ ছাড়া মিরকাদিম পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সোয়া ১০টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার যুগনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলামের ওপর হামলা হয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর লোকজন এ হামলা করে। এ সময় ওই কেন্দ্রে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এখানে দুজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রেজাউল ইসলাম ও সকালের খবর-এর মুন্সিগঞ্জ প্রতিনিধি আরাফাত রায়হানও রয়েছেন।
সকাল সাড়ে ১০টার দিকে শহরের ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ফয়সালের সঙ্গে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবলীগের নেতা মকবুল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়সালের ওপর মকবুলের লোকজন হামলা করে। ফয়সালের লোকজনও পাল্টা হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ দর্শকের মতো দাঁড়িয়ে ছিল। প্রায় আধা ঘণ্টার মতো গোলাগুলি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর বিডিআর, র্যা বসহ অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশের তিন কেন্দ্র ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই ইনস্টিটিউট ও পিটিআই পরীক্ষণ বিদ্যালয় কেন্দ্রের লাইনে দাঁড়ানো ভোটাররা দিগ্বিদিক ছুটে যান। কেন্দ্র তিনটিতে ভোট গ্রহণ কিছু সময় বন্ধ থাকে। এ সময় ছয়জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন।
এদিকে মিরকাদিম পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনছুর আহমেদের সমর্থক নাজিম উদ্দিন বলেন, ‘আমি এনায়েতনগরে হাজি আমজাদ আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গেলে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষের লোকজন আমাকে ব্যাপক মারধর করে বের করে দেয়।’
এ ব্যাপারে মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।