বিভিন্ন কেন্দ্রে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে যশোর, সুনামগঞ্জ ও রাজশাহীর পুঠিয়ায় কয়েকজন সাংবাদিক আক্রমণের মুখে পড়েছেন এবং প্রশাসন ও স্থানীয় প্রার্থীদের লোকজনের হাতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর:
যশোর: যশোর পৌরসভার নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা থেকে আসা তিনজন সাংবাদিক আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই তিনজন হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নাফিজা দৌলা, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক সালমান তারেক শাকিল ও রেডিও ধ্বনির স্টাফ ব্রডকাস্টার মেসবাহ্ শিমুল।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নাফিজা দৌলা প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সকালে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের দৃশ্য সরাসরি সম্প্রচারের সময় কেন্দ্রের ভেতরে ককটেল হামলা চালানো হয়।
সুনামগঞ্জ: দৈনিক সংবাদ-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু জানান, সরকারি মহিলা কলেজকেন্দ্রে গন্ডগোল হচ্ছে খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে তিনিসহ চারজন সাংবাদিক সেখানে যান। সাংবাদিকেরা ওই কেন্দ্রে ঢুকতে গেলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আয়ুব বখত জগলুল ও তাঁর সমর্থকেরা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনের আগের রাত থেকে সমকাল-এর রাজশাহী ব্যুরো চিফ ও এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব, তাঁর ক্যামেরা পারসন রবিউল ইসলাম ও সহযোগী তারিকুজ্জামানকে প্রায় ২০ ঘণ্টা আটকে রাখে প্রশাসন। সৌরভ হাবিব আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জি এম হীরা বাচ্চুর ভাগনে। মঙ্গলবার রাত ১১টা থেকে তাঁদের পুঠিয়া থানায় আটকে রাখা হয়। এরপর গতকাল সন্ধ্যা সাতটায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।