মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে অবকাঠামোর উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মাহাথির এ মন্তব্য করেন। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এসব কথা জানান।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শুধু রাজধানীর উন্নয়নেই নয়, দেশের সব অঞ্চলের উন্নয়নে সমান গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, শহর এলাকায় গ্রামের মানুষের অভিবাসন বন্ধ করতে তাঁর সরকার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, মালয়েশীয় দূত নরলিন ওসমান উপস্থিত ছিলেন।
মাহাথির বিন মোহাম্মদ ও তাঁর পত্নী সিতি হাসমাদ বিনতে মোহাম্মদ আলীর সম্মানে প্রধানমন্ত্রী গণভবনে নৈশভোজের আয়োজন করেন।