বিভিন্ন ঘটনায় চারজনের মৃত্যু, আরও দুই লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকা থেকে গতকাল রোববার একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতনামা (২২) যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ওই যুবককে শ   ্বাসরোধে হত্যার পর ওই ড্রামে ভরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এদিকে রাজধানীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ড্রামে লাশ: যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল সকাল সাতটার দিকে উত্তর যাত্রাবাড়ীতে একটি বাড়ির পাশে থাকা ওই ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের হাত বাঁধা ছিল। ড্রামটি ছিল তরল চুনে ভরা। গলায় আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ওসি বলেন, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে এক নারী থানায় এসে লাশটি তাঁর ছেলের বলে দাবি করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

চারজনের অপমৃত্যু: রাজধানীতে গত দুই দিনে চারজনের অপমৃত্যু হয়েছে। 

রাজধানীর বাংলামোটরের ইস্কাটন রোডে গতকাল বেলা তিনটার দিকে একটি মিনিবাসের ধাক্কায় মো. মেহেদী (১৩) নামের এক কিশোর মারা যায়। সে ইস্কাটনে গাড়ির যন্ত্রাংশ বিক্রয়ের দোকানে চাকরি করত। বাবা মো. মাহবুব। গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার বলেন, কমলাপুর থেকে গুলশানগামী ৬ নম্বর মিনিবাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।

এর আগে সকালে রাজধানীর পল্টনে মাথায় ময়লার বস্তা পড়ে মো. মকবুল (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র। তবে পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই ফৌজিয়া খানম বলেন, ‘এ ধরনের সংবাদ শুনিনি।’

গতকাল সকালে রাজধানীর বংশালের কাজী আলাউদ্দিন রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হোসেন (২২) নামের এক যুবক মারা গেছেন। তিনি ওই এলাকায় মবিল ও গাড়ির যন্ত্রাংশ বিক্রয়ের দোকানের কর্মচারী ছিলেন। তাক থেকে মবিল নামাতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। বাবা আবদুল খালেক। রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জে থাকতেন তিনি।

পল্টন থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির ১২/এ রোডের এক বাসা থেকে মোছাম্মৎ শারমিন (১৫) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানমন্ডি থানার এসআই শফিক আহমেদ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসআই বলেন, প্রাথমিক তদন্তে শারমিন আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।