মজুুরি কমিশন ঘোষণা, বাস্তবায়ন ও মজুরি বৈষ্যম্য দূর করাসহ আট দফা দাবিতে গতকাল মঙ্গলবার চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন দেশের বিভিন্ন চিনিকলে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে। রাজশাহী চিনিকলে এই কর্মসূচি পালনের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।আট দফার অন্য দাবিগুলো হলো রাষ্ট্রায়ত্ত চিনিশিল্পে নিয়োজিত মজুরি কমিশনভুক্ত সব শ্রমিককে পে-কমিশনে অন্তর্ভুক্তি, চিনিশিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তি, অর্থ মন্ত্রণালয়ের দপ্তরাদেশ ’৯৫ মোতাবেক্রপেনশন সুবিধার আলোকে গ্রাচুইটি প্রদানসহ সংস্থার সদর দপ্তরের মতো এলপিআর সুবিধা প্রদান, আগাম আখ চাষে ভর্তুকি প্রদানসহ আখের মূল্য বৃদ্ধি ও উৎপাদনব্যয়ের সঙ্গে সংগতি রেখে চিনির মূল্য নির্ধারণ।রাজশাহী: বেলা সাড়ে ১০টায় রাজশাহী চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে চিনিকলের মূল ফটকের আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আগামী ৩১ অক্টোবর দেশের সব চিনিকলে পূর্ণ দিবস ধর্মঘটের ডাক দেওয়া হয়। চুয়াডাঙ্গা: দর্শনা কেরু চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সকালে মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভের আগে আখচাষিদের সঙ্গে মতবিনিময় ও বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। জয়পুরহাট: দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম। বদরগঞ্জ (রংপুর): বেলা ১০টায় শ্যামপুর চিনিকলের ফটকে শ্যামপুর চিনিকল শ্রমিক -কর্মচারী ফেডারেশনের সভাপতি খতিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহজাহান সরকার, শফিউল ইসলাম প্রমূখ।