বিভিন্ন জায়গায় রাস্তা ভাঙা, কিছু জায়গায় এখনো পানি

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক। পানির স্রোতে ভেঙে গেছে সড়কের এক পাশ। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ফুলচান্দ এলাকা থেকে তোলাছবি: আনিস মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানিতে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন জায়গায় রাস্তা আংশিক ভেঙে গেছে। কোনো কোনো জায়গায় এখনো সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলায় যাওয়ার পথে এ দৃশ্য দেখা গেছে। প্রায় ৩৫ কিলোমিটার দৈঘ্যের ওই সড়কের অন্তত দুটি জায়গায় রাস্তা আংশিক ভাঙা, ছয়টি জায়গায় রাস্তার পাড় ভাঙা দেখা গেছে। রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে অন্তত নয়টি জায়গায়।

সিলেটের বিশ্বনাথ উপজেলার গুলছোন্দ বাজারসংলগ্ন এলাকায় রাস্তার প্রায় ২০ ফুট অংশে পিচঢালাই করা। ওই সড়কের প্রায় তিন ফুট ভেঙে গেছে। পাশেই সড়কের পাড়ও অনেক খানি ভাঙা। মাটি ভেঙে রাস্তার কাছাকাছি চলে এসেছে। এ ছাড়া একই থানার লামাকাজি এলাকাতেও ভাঙন দেখা গেছে।

গোলছোন্দ এলাকার বাসিন্দা কেরামত আলী বলেন, পানির স্রোত অনেক বেশি ছিল। যেখানে যেখানে সড়কের পাশে বড় গাছ আছে, ওই সব অংশে রাস্তা কিছুটা ভালো আছে। কিন্তু যেখানে গাছ নেই, ওই অংশে কোথাও রাস্তা ভেঙে গেছে, কোথাও আবার ভাঙা ভাঙা অবস্থায়।

এ ছাড়া সিলেট সদরের বলাউরা, জাঙ্গাইল, ছাতকের গুরগাঁও, তাজপুর, সুফিনগর এলাকাসহ নয়টি স্থানে রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পানির পরিমাণ কোথাও কোথাও চার থেকে ছয় উঞ্চি পর্যন্ত। কোথাও আবার প্রায় হাঁটুপানি।

ছাতকের গুরগাঁও এলাকায় যাওয়ার রাস্তাতেও প্রায় হাঁটুসমান পানি দেখা গেছে। গতকাল সোমবারও সেখানে প্রায় কোমরসমান পানি ছিল বলে স্থানীয় লোকজন জানান।

সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন এলাকার সড়কে বানের পানির স্রোত রয়েছে। ঝুঁকি নিয়ে চলছে মানুষ। ছবিটি গতকাল সোমবার উপজেলার গুরগাঁও এলাকা থেকে তোলা
ছবি: আনিস মাহমুদ

এ গ্রামের বাসিন্দা আবদুল সাত্তার বন্যার পানিতে মাছ ধরার চেষ্টা করছিলেন। তিনি বলেন, গতকাল দুপুর পর্যন্ত রাস্তা দিয়ে যাওয়া পানির স্রোতের কারণে হেঁটে চলাচল করারও উপায় ছিল না। বিকেলের দিকে পানি হাঁটুর কিছু নিচে নামে।

অন্যদিকে, কিছু কিছু জায়গার হাটবাজার এলাকায় বন্যার পানি কিছুটা কমে যাওয়ায় কেউ কেউ দোকান খুলেছেন। সিলেটের উপশহর আউশা ও টুকের বাজার এলাকায় অনেক দোকানিকে দোকান খুলে মালপত্র গোছাতে দেখা গেছে।