বিভিন্ন জেলায় রাস্তায় শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও উপজেলার সড়কে নেমে আজ শনিবারও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা যানবাহনের কাগজপত্র দেখছে। কোথাও কোথাও শিক্ষার্থীদের আন্দোলনে এসে সমর্থন দিয়েছে অভিভাবক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। 

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনেক জায়গায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে এসব এলাকার পরিবহনের মালিকেরা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। কিছু জায়গায় সড়ক অবরোধে নেমেছে শ্রমিকেরা। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী হত্যার বিচার, সড়ক নিরাপত্তাসহ ৯ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন চলছেই।
আজ বেলা ১১টায় নগরীর চাষাঢ়ায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে। এ সময় শিক্ষার্থীদের হাতে আটক গাড়ির বিরুদ্ধে মামলা করে ট্রাফিক পুলিশ। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট শরিফুল ইসলাম বলেন, শতাধিক শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়েছে। তাদের হাতে বিভিন্ন আটক যানবাহনের বিরুদ্ধে মামলা করছে পুলিশ।
নিরাপত্তার কারণ দেখিয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যানবাহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকেরা।
আজ থেকে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। যানবাহন না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। বাস চলাচল বন্ধ থাকায় নারায়ণগঞ্জ থেকে অনেক যাত্রীকে বিকল্প ব্যবস্থায় সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ বিভিন্ন পরিবহনে করে যেতে হয়েছে। আর এই সুযোগে রিকশা ও অটোরিকশার চালকেরা বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছেন।
নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, নিরাপত্তার করণে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

গাজীপুরের শ্রীপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শ্রমিকদের ছবি। ছবিগুলো দুপুর সাড়ে ১২টায় তোলা। ছবি: প্রথম আলো
গাজীপুরের শ্রীপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শ্রমিকদের ছবি। ছবিগুলো দুপুর সাড়ে ১২টায় তোলা। ছবি: প্রথম আলো

শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। একই সঙ্গে শিক্ষার্থীরাও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছে। ফলে সকাল সাতটা থেকে এখনো পর্যন্ত সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

যান চলাচল স্বাভাবিক করতে সড়কে মোতায়েন রয়েছে পুলিশের বিপুলসংখ্যক সদস্য। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত রেখেছে সড়ক। শ্রমিকেরাও মিছিলে মিছিলে ‘নিরাপদ সড়ক চাই’ দাবি তুলছে। আন্দোলনকারী শ্রমিক এবং শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানাচ্ছে সাধারণ মানুষ। তারাও রাস্তার দুই পাশে আন্দোলনকারীদের সঙ্গে একই সুরে নিরাপদ সড়কের দাবিতে হাত নেড়ে সমর্থন জানাচ্ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিঅ্যান্ডবির এসকিউ কারখানা-সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক মারা যান। এ ঘটনায় হাজার হাজার শ্রমিক সকাল থেকে কারখানার সামনের সড়ক অবরোধ করে রেখেছেন।
এদিকে নোমান উইভিং নামক একটি কারখানার শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হন। ঘটনাটি আন্দোলনকে আরও বেশি প্রভাবিত করেছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা মাওনার আশপাশে সড়ক অবরোধ করে রেখেছে।
মাওনা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি। ছাত্রছাত্রী ও বিভিন্ন কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে যাওয়ায় যান চলাচল এখনো স্বাভাবিক করা যাচ্ছে না। আমরা তাদের বোঝাচ্ছি সড়ক থেকে সরে অন্য কোথাও গিয়ে আন্দোলন করতে। সড়কে হাইওয়ে পুলিশ ও শ্রীপুর থানা-পুলিশ অবস্থান করছে।’

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শনিবার দুপুরে মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায়। ছবি: প্রথম আলো
দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শনিবার দুপুরে মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায়। ছবি: প্রথম আলো

মাদারীপুর
মাদারীপুরে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। জেলার আন্তজেলা বাস টার্মিনাল থেকে সড়কপথে কোনো বাস ছেড়ে যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে কয়েকটি পথে বাস ছাড়লেও আজ সকাল থেকে আবারও বাস চলাচল বন্ধ ঘোষণা করে দিয়েছেন জেলার পরিবহন খাতের মালিক ও শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েন সড়কপথে চলাচলরত যাত্রীরা।
মাদারীপুর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক উপায়ে দূরপাল্লার সব পরিবহন বন্ধ রেখেছি। এ পরিস্থিতিতে পরিবহন ও শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। ছাত্রদের ওপর আমাদের কোনো ক্ষোভ নেই। বর্তমানে এই আন্দোলনকে প্রতিহত করতে একটি মহল নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা তাদের সমর্থন করি না। আমাদের নৌমন্ত্রী শাজাহান খানের যারা পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছে, এর সঙ্গে এই ধর্মঘটের কোনো সম্পর্ক নেই।’
অঘোষিত পরিবহন খাতে এই ধর্মঘটের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। অন্যদিকে সড়কে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
ফরিদপুরগামী যাত্রী রাবেয়া আক্তার বলেন, ‘কোনো পূর্বঘোষণা ছাড়া পরিবহন মালিক-শ্রমিকদের খামখেয়ালির রোষানলে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ঢাকা, ফরিদপুরসহ দেশের অন্য কোথাও যাতায়াত করা যাচ্ছে না। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানাই।’

বরিশালের গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে আজ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ডের কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীর। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করে। ছবি: প্রথম আলো
বরিশালের গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে আজ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ডের কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীর। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করে। ছবি: প্রথম আলো

গৌরনদী (বরিশাল)

নিরাপদ সড়কের দাবিতে আজ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন যানবাহনের লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে। এ খবর ছড়িয়ে পড়লে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এ ছাড়া গৌরনদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে থাকা গৌরনদী উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সামনে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় গৌরনদী-গোপালগঞ্জ সড়কসংলগ্ন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বাটাজোর, মাহিলাড়াসহ বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) মহাসড়ক-সংলগ্ন মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার্থীদের ক্লাসে থাকার আহ্বান জানান।

ঈশ্বরদী (পাবনা)

নিরাপদ সড়কের দাবিতে টানা সপ্তম দিনের মতো আজ রাস্তায় নেমেছে পাবনার ঈশ্বরদীর শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শহরের রেলগেটে এসে জড়ো হয়। রাস্তায় ৪ ঘণ্টা সরব থাকার পর বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়। তবে দাবি আদায়ের জন্য আবারও রাস্তায় নামার ঘোষণা দেয়।

সকালে রেলগেটে একত্র হওয়ার পর শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি শুরু করে। বাসচাপায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এ সময় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করে তাঁরা।

শিক্ষার্থীরা রেলগেট ট্রাফিক মোড়ের রাস্তার একপাশে দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে ১ ঘণ্টার মানববন্ধন পালন করে। শিক্ষার্থীরা এ সময় মাইকে ঘোষণা দিয়ে বলে, ‘আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না। সড়কে নিরাপদে চলাচলের নিশ্চয়তা চাই। আমরা তো আপনাদের সন্তান। তাই সন্তানদের ৯ দফার ন্যায্য দাবি আপনাদের বাস্তবায়ন করতে হবে।’

কুষ্টিয়া
কুষ্টিয়া থেকে আজও সড়কপথে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে তাঁরা এখনো কোনো রুটে বাস চালাচ্ছেন না। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে আন্তজেলা ও দূরপাল্লার সব সড়কপথে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকনেতারা। আজ শনিবার বেলা ১১টা পর্যন্তও জেলা থেকে কোনো বাস চলেনি।
আজ বেলা ১১টায় কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণে আজও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে দু-একটা চলছে। এদিকে বাস চলাচল না করায় জেলার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

কুড়িগ্রাম

নিরাপদ সড়কের দাবিতে কুড়িগ্রামের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ সকাল সাড়ে ১০টায় প্রথমে তারা কুড়িগ্রাম প্রেসক্লাবে সমবেত হয়। পরে তারা শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেয় ‘উই ওয়ান্ট জাস্টিস’। শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যানবাহনের লাইসেন্স দেখে।

নিরাপদ সড়কের দাবিতে আজ শনিবার মানিকগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবিটি বেলা ১১টার দিকে শহরের শহীদ রফিক সড়কের। ছবি: প্রথম আলো
নিরাপদ সড়কের দাবিতে আজ শনিবার মানিকগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবিটি বেলা ১১টার দিকে শহরের শহীদ রফিক সড়কের। ছবি: প্রথম আলো

মানিকগঞ্জ
নিরাপদ সড়কের দাবিতে মানিকগঞ্জ শহরে আজ শনিবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার পথে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা বাধা দেন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে আন্দোলনরত জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে অবস্থান নেয়। এরপর সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি বালক উচ্চবিদ্যালয়, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ (এনপিআই) কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়।
মিছিলটি শহীদ রফিক সড়ক এবং গঙ্গাধরপট্টি সড়ক প্রদক্ষিণ করে আবার সরকারি দেবেন্দ্র কলেজের সামনে আসে। এরপর সেখান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার দিকে যাওয়ার সময় পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা বাধা দেন। এতে কলেজের সামনের সড়কে বসে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামানের হস্তক্ষেপে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যায়।

মেহেরপুর
শহরের সাধারণ শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মানববন্ধনের প্রস্তুতি নিয়েছিল। তবে সকাল ৭টা থেকে পুলিশ প্রেসক্লাব ঘিরে রাখার কারণে মানববন্ধন করতে পারেনি বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড তৈরি করে রাখা ছিল প্রেসক্লাবের পাশে একটি দোকানে। সকালে পুলিশ তা নিয়ে যায়। স্কুলের শিক্ষকেরা শিক্ষার্থী ও অভিভাবকদের হুঁশিয়ারি করে মানববন্ধনে যোগ দিতে নিষেধ করেছেন। পুলিশ জেলা শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বারণ করে এসেছে। পুলিশি গ্রেপ্তারের ভয়ে মানববন্ধনে আসতে পারছে না সাধারণ শিক্ষার্থীরা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম প্রথম আলোকে মুঠোফোনে বলেন, শহরে শৃঙ্খলা বজায় রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(প্রতিবেদন পাঠিয়েছেন কুষ্টিয়া, মাদারীপুর, ঈশ্বরদী (পাবনা), গৌরনদী (বরিশাল), শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সংবাদদাতা)