বিভিন্ন তথ্য-প্রমাণ দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে বিভিন্ন তথ্য-প্রমাণ দিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের নেতৃত্বে সাত সদস্যের একটি দল একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তথ্য, অডিও, আলোকচিত্র-সংক্রান্ত আসকের দুটি বই ও বুলেটিন প্রধান তদন্তকারী কর্মকর্তা আবদুল মতীনের হাতে তুলে দেয়।জমা দেওয়া তথ্য-প্রমাণের মধ্যে রয়েছে: আসক প্রকাশনা-‘যুদ্ধাপরাধ’ ও ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী’, ‘রাজাকার অর্ডিন্যান্স-এর গেজেট’, ‘রাজাকারদের একাত্তরনামা’, যুদ্ধাপরাধ-সম্পর্কিত তথ্য—আসক বুলেটিন, গণহত্যা, আলবদর-রাজাকার ও শান্তি কমিটি-সম্পর্কিত আলোকচিত্র এবং তথ্যচিত্র ‘আলবদর’।তথ্য-প্রমাণ পেশ করার পর প্রতিনিধিদলটি মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ও প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপুর সঙ্গে দেখা করেন। এরপর আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী’ বইটিতে একাত্তরে নির্যাতিত নারীরা কীভাবে নির্যাতন, মৃত্যু, অগ্নিসংযোগ, উচ্ছেদ ও বাস্তুচ্যুতির মতো কঠিন অবস্থার মোকাবিলা করেছেন এবং তাঁদের বিরুদ্ধে যে অপরাধ করা হয়েছে, তা উঠে এসেছে। চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার প্রশ্নে এ আইনজীবী ও মানবাধিকারকর্মী বলেন, ‘কারও বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ থাকলে ট্রাইব্যুনালের সন্তুষ্টি-সাপেক্ষে গ্রেপ্তার করা যেতে পারে।’ তদন্ত সংস্থার প্রধান আবদুল মতীন বলেন, ‘জমা দেওয়া তথ্য-প্রমাণ কাজে আসবে। তদন্তের অগ্রগতি ভালো। তদন্তের এ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।’ চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের দাবি: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত চিহ্নিত ব্যক্তিদের বিচার শুরুর আগেই গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল প্রধান তদন্তকারী কর্মকর্তা আবদুল মতীনের কাছে দেওয়া এক স্মারকলিপিতে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতারা এ দাবি জানান। স্মারকলিপি দেওয়ার আগে তাঁরা শিল্পকলা একাডেমীর সামনে চিহ্নিত মানবতাবিরোধী অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন।