বিভিন্ন দপ্তরের দুর্নীতি নিয়ে মানুষের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের দুর্নীতি-অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই গণশুনানির আয়োজন করে।
অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলার ১১টি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। উপস্থিত ছিলেন দুদকের কমিশনার নাসির উদ্দিন আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দিন হায়দার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
গণশুনানিতে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সততা নিয়ে প্রশ্ন তোলেন পৌরসভার মেয়র কামরুজ্জামান। তিনি বলেন, জেলা প্রশাসনের লোকাল রিলেশন (এলআর) ফান্ডে কোটি কোটি টাকা আসে। কিন্তু এই ফান্ডের টাকা ব্যয়ের স্বচ্ছতা নেই। জেলা প্রশাসক নিজের মতো করে খরচ করছেন। এই টাকা কীভাবে খরচ করা হচ্ছে, নরসিংদীবাসীর জানার আগ্রহ আছে।
কামরুজ্জামান অভিযোগ করেন, ক্যান্ডেল লাইট স্কুল অ্যান্ড কলেজ এবং মাধবদী গরু বাজারের জমি বরাদ্দে শ্রেণি পরিবর্তনে অনিয়ম হয়েছে। এর সঙ্গে জেলা প্রশাসক জড়িত। এ ছাড়া রোকেয়া পদকের জন্য নরসিংদী থেকে তাঁর মায়ের নাম প্রস্তাব পাঠিয়েছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান উপস্থিত ছিলেন না। তবে এসব অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দিন হায়দার বলেন, এলআর ফান্ডের জন্য ব্যাংক হিসাব খোলা আছে। প্রাপ্ত অর্থ ওই হিসাব নম্বরে জমা রাখা হয়। প্রতিটি ব্যয়ের বিপরীতে যথাযথভাবে নিয়ম মানা হয়ে থাকে। তা ছাড়া জেলা প্রশাসন থেকে ব্যয় হওয়া অর্থের হিসাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়া হচ্ছে। অভিযোগগুলো লিখিত আকারে কমিশনের কাছে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।
অভিযোগ শুনে দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ বলেন, কর্মকর্তারা আইনের ঊর্ধ্বে নন। দুর্নীতি করে কেউ পার পাবেন না। তবে অভিযোগের বিপরীতে সুনির্দিষ্ট প্রমাণপত্র থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে কমিশন জিরো টলারেন্স বিশ্বাস করে।