তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে সংবিধান সংশোধনের প্রতিবাদ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করা হয়। মতিঝিলের কার্যালয়ে গণফোরামের সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়, সরকারের সংবিধান সংশোধনের সিদ্ধান্ত গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং গণতন্ত্রকামী দেশবাসীর আকাঙ্ক্ষার বিরোধী। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এক বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এক বিবৃতিতে বলেছে, এই সংশোধনীতে আদিবাসীদের ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’ হিসেবে উল্লেখ করার মধ্য দিয়ে আদিবাসী জাতিসমূহকে অসম্মান ও হেয়প্রতিপন্ন করা হয়েছে। গণসংহতি আন্দোলন সরকারের তীব্র নিন্দা করেছে। জাতীয় মুক্তি কাউন্সিল এক বিবৃতিতে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার দেশে একদলীয় শাসন কায়েমের পাঁয়তারা করছে বলে উল্লেখ করেন।ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এক বিবৃতিতে বলেছেন, এ দেশের মুসলমানেরা সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার সিদ্ধান্ত মেনে নেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমমোনাই তত্ত্বাবধায়ক-ব্যবস্থা বাতিলের তীব্র নিন্দা করে এ ব্যবস্থা পুনর্বহালের জন্য গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।