বিভিন্ন দলকে নির্বাচনে আনতে সরকারের চেষ্টা
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন এবং প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নিলে পরবর্তী করণীয় কী হবে, সেদিকেই সরকার ও আওয়ামী লীগ মনোনিবেশ করেছে। এ ক্ষেত্রে বিএনপিকে বাদ দিয়ে অন্যান্য দলকে নির্বাচন ও সরকারে আনার চেষ্টা চলছে।
জাতীয় পার্টি ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা, জেএসডি, এলডিপিসহ কয়েকটি দলের সঙ্গেও সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
আওয়ামী লীগের শীর্ষপর্যায়ে কথা বলে জানা যায়, সর্বদলীয় সরকারে বিএনপি থাকছে না ধরে নিয়েই নতুন মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন ছোট দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের নেতারা যোগাযোগ রাখছেন। তবে মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সর্বদলীয় মন্ত্রিসভায় থাকবেন না জানিয়ে দেওয়ায় সরকার সমস্যায় পড়েছে। এই পরিস্থিতিতে সাংসদ নন এমন কাউকেও সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় নেওয়া হতে পারে।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দল ছাড়াও জাতীয় পার্টিসহ ১৪ দলের কয়েকজন নেতাকে নিয়ে সর্বদলীয় মন্ত্রিসভার খসড়া করে ফেলেছিলেন। এতে জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতার নাম ছিল।
এদিকে এরশাদের ভাই বাণিজ্যমন্ত্রী জি এম কাদের গত সোমবার থেকে মন্ত্রণালয়ে যাচ্ছেন না। তিনি ফাইলেও সই করছেন না। আগামী রোববার মন্ত্রিসভার শেষ বৈঠকে তাঁর যোগদানের সম্ভাবনা কম বলে জাপা সূত্রে জানা গেছে। এ পরিস্থিতিতে গতকাল এইচ এম এরশাদকে ফোন করেন একজন জ্যেষ্ঠ মন্ত্রী। কিন্তু এরশাদ ওই মন্ত্রীর সঙ্গে তেমন কথা বলেননি।
এ প্রসঙ্গে সরকারি দলের একজন শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টির বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী দেখছেন। আশা করা হচ্ছে, এইচ এম এরশাদ সর্বদলীয় সরকার ও নির্বাচনে অংশ নেবেন।
এদিকে এরশাদ সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর বিকল্পধারা, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ এবং আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডি নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছেন। সব দল নির্বাচনে অংশ না নিলে এরশাদ নির্বাচনে যাবেন না বলে জানিয়েছেন।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা যায়, সর্বদলীয় সরকারে আনতে বিএনপি ও জাতীয় পার্টির বাইরে বেশ কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পছন্দের তালিকায় আছে অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি এবং আন্দালিব রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। জাতীয় সংসদে দল দুটির প্রতিনিধি রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ দুজনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।