চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ
বিভিন্ন দাবিতে উপাচার্য বরাবর শিক্ষার্থীদের স্মারকলিপি, মানববন্ধন
সেশনজট নিরসন ও পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশসহ বিভিন্ন দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে একজন সহকারী প্রক্টরের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘সেমিনার কক্ষ খুলে দাও’, ‘আমাদের রেজাল্ট প্রকাশ কর’, ‘সেশনজট মুক্তি কর’, ‘রুটিন মত ক্লাস নিলে, সেশনজট যাবে চলে’, ‘আর কতকাল গুনব প্রহর, চার বছরের স্নাতকে লাগে আট বছর’।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তাঁদের দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংস্কৃত বিভাগের সভাপতি অধ্যাপক সুপ্তিকণা মজুমদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, সংস্কৃত বিভাগের শিক্ষার্থীদের স্মারকলিপি উপাচার্যকে দেওয়া হবে। তাঁদের দাবিগুলো দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।