বরিশাল নগরের আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশের চার সদস্যসহ ২০ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ডিপ্লোমা কোর্স চালু, বিএসএসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে ৩০ ভাগ কোটা সংরক্ষণসহ কয়েক দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে এ সংঘর্ষ হয়। ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় কলেজের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। পুলিশের ওপর আক্রমণ ও ভাঙচুরের অভিযোগে ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।আহতদের মধ্যে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন আহমেদকে গতকাল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, বরিশালের ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটকে ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করা হয়। ২০১০-১১ শিক্ষাবর্ষে পাঁচ অনুষদে ৮১ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বরিশাল আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওই সময় ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং কলেজে একই সঙ্গে ডিপ্লোমা কোর্স চালু ও ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ৩০ ভাগ কোটা সংরক্ষণের দাবি জানিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকীর কাছে স্মারকলিপি দেন। পরে বিষয়টি মন্ত্রণালয়কে জানালে তারা কলেজ পরিদর্শন করে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। কিন্তু গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উল্লিখিত দাবির পক্ষে শিক্ষার্থীরা গতকাল সকাল নয়টায় কলেজের সামনের সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ওই সময় পুলিশ তাঁদের সড়ক ছেড়ে ক্যাম্পাসে যাওয়ার অনুরোধ করে।প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, পুলিশ অনুরোধ করার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা অধ্যক্ষের কক্ষে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, কটন স্পিনিং ভবন, জুট স্পিনিং শেডে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বাধা দিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কলেজের অধ্যক্ষ মো. আবদুস সাত্তার বলেন, গতকাল অনুষ্ঠিত বিভিন্ন সেমিস্টারের পরীক্ষার্থীরা কলেজে ঢুকতে চাইলে তাঁদের বাধা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং কলেজের বিভিন্ন স্থাপনা, দরজা-জানালা, গ্লাস, ফুলের টব ভাঙচুর করেন। তাঁদের বিক্ষোভের কারণে গতকাল কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ ঘটনায় একাডেমিক কাউন্সিল জরুরি সভা করে ১৯ জুন পর্যন্ত পরীক্ষা ও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছে। নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।