বিভিন্ন দাবিতে খুলনায় ১৭টি পাটকল শ্রমিকদের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা অঞ্চলে ব্যক্তি মালিকানাধীন ১৭টি পাটকলের শ্রমিকেরা মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে রাজপথ, রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।কর্মসূচির মধ্যে রয়েছে ৯ মে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, ১৫ থেকে ২০ মে পর্যন্ত নিজ নিজ মিলে বিক্ষোভ মিছিল, গেট-সভা ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময়। ২৩ মে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন করা হবে। ২৪ মে ঢাকায় মহাসমাবেশে পরবর্তী আন্দোলনের ঘোষণা করা হবে।পাট, সুতা ও বস্ত্রকল সিবিএ সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে গত শনিবার বিকেলে খুলনা নগরের ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে অনুষ্ঠিত শ্রমিক জনসভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমন্বয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক তৈয়েবুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন ফিরোজ আহমেদ, শ্রমিকনেতা সামছুর রহমান, জাহাঙ্গীর আলম, সোবহান মোল্লা, আনিসুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁরা দীর্ঘদিন ধরে মজুরি বৈষম্যের শিকার। বিভিন্ন সময় সরকার আশ্বাস দিলেও তা পূরণ হয়নি। শ্রমিকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়ন। গ্র্যাচুইটি প্রদান, সার্ভিস বেনিফিট বহাল রাখা, উৎসব ভাতা পুনর্বহাল ইত্যাদি। সমন্বয় কার্যক্রম পরিষদের আহ্বায়ক তৈয়বুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দাবি না মানা হলে রাজপথ, রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রায়ত্ত মিলগুলোর শ্রমিকদের দুই হাজার ৪০০ থেকে চার হাজার ১০০ টাকা পর্যন্ত বেতন স্কেল হলেও বেসরকারি পাটকলের শ্রমিকদের ২৪ বছরের পুরোনো বৈষম্যমূলক ৫৬০ টাকা বেতন স্কেলে এখনো কাজ করতে হচ্ছে।’