রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগের অভ্যন্তরীণ সমস্যা-সংকট নিরসনের দাবিতে গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন গণিতের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সাত দিনের ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করে বিভিন্ন দাবিসংবলিত একটি সঞ্চারকলিপি উপাচার্যকে প্রদান করেন। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে গণিত বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কাছে সঞ্চারকলিপি দেন। বিশ্ববিদ্যালয়ের চারটি ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে ইন্টারনেট সংযোগ, প্রয়োজনীয় সরঞ্জামসহ নিজস্ব ল্যাবরেটরি, আধুনিক তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ লাইব্রেরি-সেমিনার কক্ষ এবং শ্রেণীকক্ষে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা সরবরাহসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। এর ফলে গতকাল তাঁরা বিক্ষোভ করে স্মারকলিপি দিয়ে আন্দোলনের কর্মসূচি দেন।