বিভিন্ন দাবিতে পঞ্চগড় শিশু পরিবারে শিশুদের ভাঙচুর
বিভিন্ন দাবিতে পঞ্চগড় সরকারি শিশু পরিবারে ভাঙচুর চালিয়েছে শিশুরা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে শিশুরা প্রাত্যহিক সমাবেশ শেষে শ্রেণীকক্ষে না গিয়ে আকস্মিকভাবে মূল ফটক বন্ধ করে দেয়। তারপর লাঠি নিয়ে শিশু পরিবারের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায় তারা।এ সময় শিশুরা উপ-তত্ত্বাবধায়কের অফিস ভবনের তিনটি কক্ষ এবং ট্রেনিং সেন্টার কাম স্কুলের তিনটি কক্ষের দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করে। অফিসের ফাইলপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। শিশুরা ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. শহীদুল হক, বড় ভাইয়া আবু আওয়াল ও কম্পাউন্ডার ভবেনন্দ্র নাথ বর্মণের অপসারণ দাবি করে।খবর পেয়ে পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান ও পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন ঘটনাস্থলে এসে শিশুদের শান্ত করেন। ঘটনার পর পরই অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।শিশু পরিবারের নবম শ্রেণীর কয়েকজন শিশু অভিযোগ করে বলে, ‘কথায় কথায় তত্ত্বাবধায়ক ও বড় ভাইয়া মারধর করেন। পচা-বাসি খাবার দেন। এ ব্যাপারে অভিযোগ করলে উল্টো আমাদের ধমক দেন।’ পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্র জানায়, অসুখের কারণে ওষুধ চাইতে গেলে কম্পাউন্ডার স্কেল দিয়ে মারধর করেন। তাদের দিয়ে রান্না করান।বড় ভাইয়া আবু আওয়াল বলেন, ‘কী কারণে শিশুরা ভাঙচুর করল, বলতে পারছি না। আমরা বাধা দিতে গেলে শিশুরা আমাদের ওপর চড়াও হয়।’ কম্পাউন্ডার ভবেন্দ্র নাথ বর্মণ বলেন, ‘কাউকে স্কেল দিয়ে মারধর করিনি। শিশুরা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’শিশু পরিবারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুল হক বলেন, এটা শিশুদের দীর্ঘদিনের ক্ষোভ নয়। শিশু পরিবারকে নিয়মের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। এটা করায় কিছু কর্মচারীর অসুবিধা হয়েছে। তারাই শিশুদের ইন্ধন দিয়ে এ কাজ করিয়েছেন।১৮ এপ্রিল প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত উত্তরে ‘ভালো নেই পঞ্চগড় শিশু পরিবারের শিশুরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। শহরের অদূরে পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কসংলগ্ন মোলানিপাড়ায় ১৯৮৪ সালে শিশুসদনটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে শিশুসদনটি শিশু পরিবারে রূপান্তরিত হয়। বর্তমানে সেখানে ৭৪ জন শিশু রয়েছে। মা-বাবাহারা পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের ভর্তি করা হয় এখানে। ১৮ বছর পূর্ণ হলে তাদের চলে যেতে হয়।