বিভিন্ন দাবিতে পাটকল শ্রমিকদের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পাটকল সংস্থা বিজেএমসির আওতাধীন অন্যান্য পাটকলের মতো খুলনার খালিশপুর পাটকলের (সাবেক পিপলস জুট মিলস) শ্রমিক-কর্মচারীদের সব সুবিধা প্রদানসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে ওই পাটকল শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি মো. সেলিম শিকদার। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিজেএমসির আওতাধীন অন্যান্য পাটকলের মতো খালিশপুর পাটকল শ্রমিক-কর্মচারীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না, যা তাঁদের প্রাপ্য। খালিশপুর পাটকলে শ্রমিকদের জন্য দুটি আবাসিক কলোনি রয়েছে, কিন্তু তাঁদের ওই কলোনিতে বসবাসের ব্যবস্থা করা হচ্ছে না। বিজেএমসির আওতাধীন হলেও এই পাটকলের শ্রমিকদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে।সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষণ কমিটির নেতারা তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে ১৯ থেকে ২৪ জুন পর্যন্ত খুলনা অঞ্চলের সব শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময়, ২৬ জুন খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ২৯ জুন খালিশপুর পাটকলের ফটকে পথসভা ও বিক্ষোভ মিছিল করবে বলে জানানো হয়।