বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি সরকারি কলেজে বাস সার্ভিস চালু, ছাত্রাবাস নির্মাণ এবং শিক্ষকসংকট নিরসনের দাবিতে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজের দক্ষিণ গেটে মানববন্ধন করেছে।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পিসিপি কলেজ শাখার সহসভাপতি সুনায়ন চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক কঞ্জনা মারমা, থুইচিং মারমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক কৃষ্টি চাকমা প্রমুখ।বক্তারা জানান, জেলার অন্যতম এই বিদ্যাপীঠ বছরের পর বছর নানা সমস্যায় জর্জরিত। এ যাবৎ বহু সরকার ক্ষমতায় এলেও সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সেনাবাহিনী ছাত্রছাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করলেও সেটি শুধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য ব্যবহূত হচ্ছে। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য কলেজের নিজস্ব ছাত্রাবাস দরকার, কলেজের বিভিন্ন বিষয়ে শিক্ষকসংকট রয়েছে। সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নেই বহু বছর থেকে।