বিভিন্ন দাবিতে পৌর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন
সারা দেশের বিভিন্ন জায়গায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন, অবসর ভাতাসহ অন্য সুবিধা রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়ার দাবিতে গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মবিরতি পালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অনুষ্ঠান পালনের সময় বক্তব্য দেন শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, সহসভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ইসরাফিল প্রমুখ।
কুড়িগ্রাম পৌরসভার কর্মবিরতিতে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, সম্পাদক আখতারুজ্জামান, পৌর সচিব রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, প্যানেল মেয়র মাসুদুর রহমান প্রমুখ। কর্মবিরতিতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন পৌর মেয়র আবদুল জলিল।
বগুড়া পৌরসভা চত্বরে সমাবেশে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, বগুড়া পৌরসভার সচিব ইমরোজ মুজিব, সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ।
রাজশাহীর ১৪টি পৌরসভায় ওই কর্মসূচি পালন করা হয়। জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রোকমুতজামান বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের অন্য সরকারি প্রতিষ্ঠানের ন্যায় দেশের সব পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির দিকে যাব।’
নাটোর, বনপাড়া ও বাগাতিপাড়া পৌরসভায় ওই কর্মসূচি পালন করা হয়েছে। পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি জুলফিকুল হায়দার, বনপাড়া শাখার সভাপতি আবদুল হামিদ শেখ ও বাগাতিপাড়া পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সকাল ৯টায় কর্মবিরতির ঘোষণা দেন।
জয়পুরহাট পৌরসভায়ও ওই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় ও জয়পুরহাট জেলা কমিটির সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, কর্মবিরতির সময় কাজের সেবা দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।
পঞ্চগড় ও বোদা পৌরসভায় ওই কর্মসূচি পালন করা হয়। পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম বলেন, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির ফলে পৌরসভার কর্মকাণ্ড ব্যাহত হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মারুফ হোসেন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জুয়েল আহমেদ, সার্ভেয়ার সেলিম রেজা, কর আদায়কারী মোযহারুল ইসলাম, সহকারী কর আদায়কারী আবদুস ছালাম প্রমুখ।
দিনাজপুর পৌরসভায় পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মজিবর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, সরকার যদি তাঁদের ন্যায্য দাবি না মানে, তাঁরা কাজে আগ্রহ হারিয়ে ফেলবেন। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক লাইসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা চত্বরে সমাবেশে বক্তব্য দেন কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজন শাহ, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবদুল খালেক প্রমুখ।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম অফিস, রাজশাহী, বগুড়া, নাটোর, জয়পুরহাট, পঞ্চগড়, সিরাজগঞ্জ ও সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ও দিনাজপুর সংবাদদাতা)