শিক্ষা দিবস উপলক্ষে রাঙামাটি ও খাগড়াছড়িতে পৃথক কর্মসূচি পালন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালু, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদিবাসী কোটা বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করা হয়।
রাঙামাটি: মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালু, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদিবাসী কোটা বাড়ানো, আদিবাসী-অধ্যুষিত অঞ্চলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মাণ ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোসহ পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে পিসিপি। জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ গেটের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে গতকাল বেলা সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা এই মানববন্ধন চলে। এ সময় পরিষদের জেলা সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ত্রিজিনাদ চাকমা, সহসভাপতি রিপেশ চাকমা, জেলা শাখার সহসভাপতি অন্তিক চাকমা, রাঙামাটি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দীপেশ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি ঝুমুর চাকমা প্রমুখ।
খাগড়াছড়ি: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পিসিপি তাদের শিক্ষাসংক্রান্ত পাঁচ দফা দাবির বাস্তবায়ন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধ করা, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক বাস চালু ও খাগড়াছড়ির পাহাড়ি ছাত্রাবাস পুনরায় চালুর দাবিতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে। গতকাল বেলা ১১টায় পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মিছিল বের করে। মিছিলটি চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া হয়ে আবারও চেঙ্গী স্কয়ারে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন পিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শিখা চাকমা, পিসিপি কলেজ শাখার সহসভাপতি সোনায়ন চাকমা প্রমুখ। একই দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি, দীঘিনালা ও মহালছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
দীঘিনালা (খাগড়াছড়ি): পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল ও শিক্ষার্থী-সমাবেশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পিসিপি। এ সময় তাদের হাতে ছিল নিজ নিজ মাতৃভাষায় শিক্ষা লাভের দাবিসংবলিত প্ল্যাকার্ড। পিসিপির উদ্যোগে আদিবাসী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিগ্রি কলেজ মোড় এলাকায় শিক্ষার্থী-সমাবেশ করেন। সমাবেশে পিসিপির উপজেলা শাখার সভাপতি সুরেশ চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন ইউপিডিএফের সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার সদস্যসচিব জীবন চাকমা, পিসিপির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি নিউটন চাকমা, পিসিপির কলেজ শাখার সভাপতি রুপেশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা শাখার অর্থ সম্পাদক ডেইজী চাকমা প্রমুখ।